বাংলা উইকিসম্মেলন ২০২৬/বৃত্তি
বাংলা উইকিসম্মেলন ২০২৬ - বৃত্তি
বৃত্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা এই পাতায় দেওয়া লিংকের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন। আবেদন করার আগে দয়া করে যোগ্যতার মাপকাঠি এবং নির্দেশনাবলি সাবধানে পড়ে নিন। যেকোনো তথ্যের জন্য আয়োজক দলের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
বাংলা উইকিসম্মেলন ২০২৬ আয়োজনে বাংলাদেশ, ভারত ও নেপালে অবস্থানরত আগ্রহী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশগ্রহণে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে। আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন। বাংলাদেশ, ভারত ও নেপালের উইকিমিডিয়ানগণ নির্দিষ্ট সময়সীমার মধ্যে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই সম্মেলনে প্রাথমিকভাবে বাংলাদেশের ৪০ জন এবং ১৫ জন আন্তর্জাতিক অংশগ্রহণকারীকে বৃত্তি প্রদানের পরিকল্পনা রয়েছে। তবে এই সংখ্যাটি চূড়ান্ত নয়; বাজেট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় মূল আয়োজক দলের সিদ্ধান্তক্রমে বৃত্তির এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।
বৃত্তির আবেদনের প্রাথমিক যোগ্যতা
নিম্নলিখিত শর্তাবলি পূরণ না করলে আবেদন সরাসরি অযোগ্য বলে গণ্য হবে:
- উইকিমিডিয়া অ্যাকাউন্ট কমপক্ষে ৬ মাস পুরোনো তথা ১৯ ডিসেম্বর ২০২৫ বা এরপূর্বে তৈরি অ্যাকাউন্ট হতে হবে।
- আবেদনকারীর বৈশ্বিক মোট সম্পাদনা সংখ্যা কমপক্ষে ২৫০ হতে হবে।
- আবেদনের সময় আবেদনকারীর অ্যাকাউন্ট কোনো বাংলা প্রকল্পে অবরুদ্ধ থাকা যাবে না।
কিভাবে বৃত্তির জন্য আবেদন করবেন
বৃত্তির আবেদন করার জন্য আপনাকে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে। ফর্মটি পূরণ করতে ৩০ থেকে ৪০ মিনিট সময়ের প্রয়োজন হতে পারে। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃত্তি নির্ধারণী উপদল নির্ধারণ করবেন আপনি বৃত্তির জন্য উপযুক্ত কি না।
আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনার ব্যক্তিগত তথ্যের পাশাপাশি চারটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর প্রদান করতে হবে, যার ওপর ভিত্তি করেই মূলত আপনার ভ্রমণ বৃত্তির যোগ্যতা নির্ধারণ করা হবে। যেহেতু এই উত্তরগুলো বিস্তারিতভাবে লিখতে কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে, তাই আবেদন ফরম পূরণ শুরু করার আগেই উত্তরগুলো আলাদাভাবে প্রস্তুত করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার উত্তরগুলোকে আরও জোরালো ও তথ্যসমৃদ্ধ করতে বক্তব্যের সমর্থনে প্রাসঙ্গিক লিংক যুক্ত করতে পারেন; যেমন— যেমন এক্সটুলস, উইকিমিডিয়া আউটরিচ ড্যাশবোর্ড, উইকিমিডিয়া ডিফ ব্লগ, সংশ্লিষ্ট প্রকল্পের পাতা, ফাউন্টেনে সংশ্লিষ্ট এডিটাথনের লিংক।
- প্রশ্নাবলী
- সর্বশেষ ২৪ মাসে উইকিমিডিয়া আন্দোলনে আপনার সম্পৃক্ততা সম্পর্কে বিস্তারিত লিখুন। আপনার সম্পাদনার পরিমাণ, বিভিন্ন প্রকল্পে অবদান, উল্লেখযোগ্য কাজ, মানসম্মত নিবন্ধ, ছবি, তথ্যসূত্র, প্রযুক্তিগত অবদান বা অন্যান্য অবদান উল্লেখ করুন।
- উইকিমিডিয়া সম্প্রদায়, উইকিক্লাব, ব্যবহারকারী দল, আউটরিচ কার্যক্রম, প্রতিযোগিতা, কর্মশালা, গ্ল্যাম বা অন্যান্য কার্যক্রমে আপনার অফউইকি অবদান এবং তার প্রভাব ব্যাখ্যা করুন।
- আপনি বাংলা উইকিসম্মেলনে অংশগ্রহণ করতে চান কেন? আপনার অংশগ্রহণ উইকিমিডিয়া আন্দোলনে আপনার অবদানকে কীভাবে প্রভাবিত করবে, আপনি সম্মেলন থেকে কি শিখতে চান? (আপনার উত্তর ৫-৬ বাক্যে সীমাবদ্ধ রাখুন)
- সম্মেলন শেষে আপনার অর্জিত অভিজ্ঞতা কীভাবে কাজে লাগাবেন? এ সম্পর্কিত ৩-৪টি কর্মপরিকল্পনা লিখুন।
মনে রাখুন, আপনি চাইলে আপনার অসমাপ্ত আবেদনটি সংরক্ষণ করে রাখতে পারবেন এবং চূড়ান্তভাবে জমা দেওয়ার আগ পর্যন্ত পাতার নিচের আগের বোতামে ক্লিক করে পূর্বের উত্তরগুলো পরিবর্তন করতে পারবেন।
- আবেদন সংরক্ষণ করার নিয়ম
- পাতার ওপরে থাকা মিটবল মেনুতে (
) ক্লিক করে পরে আবার শুরু করুন অপশনটি বেছে নিন। (এজন্য আপনার নাম, ইমেল ঠিকানা ও পাসওয়ার্ড প্রয়োজন হবে)। - পরবর্তীতে এই অসমাপ্ত আবেদনটি পুনরায় শুরু করতে চাইলে, আবেদনের প্রথম পাতার মিটবল মেনু থেকে অসমাপ্ত সমীক্ষা লোড করুন বোতামে ক্লিক করুন।
মূল্যায়ন পদ্ধতি
যোগ্য আবেদনগুলো বৃত্তি পর্যালোচনাকারী দলের সদস্যরা নির্ধারিত নম্বর কাঠামো অনুযায়ী পৃথকভাবে মূল্যায়ন করবেন। মূল্যায়নের সময় নিচের বিষয়গুলো বিবেচনা করা হবে:
- উইকিমিডিয়া প্রকল্পে অবদান
- সম্প্রদায় ও আউটরিচ কার্যক্রম
- সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্য
- ভবিষ্যৎ পরিকল্পনা
স্বার্থের সংঘাত এড়াতে বৃত্তি পর্যালোচক দলের সদস্যদের আবেদন মূল আয়োজক দল দ্বারা পর্যালোচনা করা হবে। দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত নম্বর সমান হলে যথাক্রমে অন-উইকি অবদান, অফ-উইকি কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার নম্বর ক্রমানুসারে বিবেচনা করা হবে। বৃত্তি পর্যালোচনা দলের পর্যালোচনা শেষে প্রযোজ্য ক্ষেত্রে সম্মেলনে মূল আয়োজক দল বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের স্বার্থে বিশেষ বিবেচনা করতে পারেন।
বৃত্তিপ্রাপ্তদের সম্পৃক্ততা
বৃত্তিপ্রাপ্তদের বাংলা উইকিসম্মেলন চলাকালীন স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করা হবে। সম্মেলনের বিভিন্ন কার্যক্রমে সহায়তার জন্য আগ্রহী বৃত্তিপ্রাপ্তদের মধ্য থেকে প্রয়োজন ও সক্ষমতার ভিত্তিতে স্বেচ্ছাসেবক নির্বাচন করা হতে পারে। নির্বাচিত স্বেচ্ছাসেবকদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যাশা করা হবে। স্বেচ্ছাসেবী হিসেবে আগ্রহ প্রকাশ এবং দায়িত্ব পালনের অভিজ্ঞতা ভবিষ্যতে বৃত্তি বা অন্যান্য সুযোগের আবেদন মূল্যায়নের ক্ষেত্রে বিবেচ্য হতে পারে।
এছাড়া, বৃত্তিপ্রাপ্তরা সম্মেলন থেকে অর্জিত অভিজ্ঞতা সম্প্রদায়ের সঙ্গে ভাগ করে নিলে তা প্রশংসার সঙ্গে বিবেচনা করা হবে। এই উদ্দেশ্যে সংক্ষিপ্ত প্রতিবেদন, ব্লগ, সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট, উপস্থাপনা বা সম্প্রদায়ভিত্তিক আড্ডা ব্যবহার করা যেতে পারে।
অপেক্ষমাণ তালিকা: নির্বাচিত কোনো আবেদনকারী বৃত্তি গ্রহণে অসমর্থ হলে বা নিবন্ধন সম্পন্ন না করলে অপেক্ষমাণ তালিকা থেকে পরবর্তী সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত আবেদনকারীকে সুযোগ দেওয়া হবে।
প্রাজিপ্র
কে আবেদন করতে পারবেন?
প্রাথমিক যোগ্যতা পূরণ করা যেকোনো উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির আবেদন কখন শুরু এবং শেষ হবে?
বাংলাদেশ সময় ১৯ জুন ২০২৬ থেকে শুরু হয়ে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন গ্ৰহণ চলবে।
আমি কি সময়সীমার পরে বৃত্তির আবেদন জমা দিতে পারব?
না। চূড়ান্ত সিদ্ধান্তের ফলাফল যথাসময়ে এবং সমস্ত আবেদনকারীর জন্য ন্যায্যভাবে প্রকাশ করা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সময়সীমার অন্তত কয়েক দিন পূর্বেই আবেদন জমা দেওয়ার পরামর্শ দিচ্ছি।
বৃত্তির আবেদন প্রক্রিয়ার কর্মপরিকল্পনা কী?
সাধারণভাবে, আমরা আশা করছি বৃত্তির আবেদন প্রক্রিয়াটি নিচের ধাপগুলো অনুসরণ করবে:
- আগ্রহীগণ নির্ধারিত ফর্মের মাধ্যমে আবেদনপত্র জমা দেবেন।
- বৃত্তি নির্ধারণী উপদল প্রাথমিক যোগ্যতা যাচাই করে আবেদনগুলো মূল্যায়ন করবেন।
- প্রাপ্ত গড় নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের তালিকা তৈরি করে দল চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হবেন।
- উপনীত সিদ্ধান্ত সম্পর্কে আবেদনকারীদের অবহিত করা হবে এবং যাতায়াত ও আবাসন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে।
- আয়োজকদের পক্ষ থেকে যাতায়াতের খরচ এবং আবাসন নিশ্চিত করা হবে।
বৃত্তির আবেদন পর্যালোচনা প্রক্রিয়ার সময়রেখা
- (২০২৬ সালের জন্য নির্ধারিত সময়রেখা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখ এখানে হালনাগাদ করা হবে)
