বিষয়বস্তুতে চলুন

বাংলা উইকিসম্মেলন ২০২৬/অনুষ্ঠান

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে
এই পাতাটি অনুবাদ করুন; এই পাতায় পরিবর্তন রয়েছে যা অনুবাদ করার জন্য চিহ্নিত করা হয়নি।

মূলভাব (থিম)

[সম্পাদনা]

বাংলা উইকিসম্মেলন ২০২৬-এ অধিবেশনের (সেশনের) প্রস্তাবনা জমা দিতে আগ্রহীদের জন্য এই নির্দেশিকাটি প্রস্তুত করা হয়েছে। এখানে প্রস্তাবনা জমাদানের নিয়ম, নির্বাচনের মানদণ্ড, বিভিন্ন বিষয়ভিত্তিক ট্র্যাক এবং একটি মানসম্মত, বৈচিত্র্যময় ও অংশগ্রহণমূলক কর্মসূচি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশনা তুলে ধরা হয়েছে। প্রস্তাবনা প্রস্তুত করার আগে নির্দেশিকাটি মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ রইল।

উদ্দেশ্য

[সম্পাদনা]

পূর্ববর্তী আসরের ধারাবাহিকতায় বাংলা উইকিসম্মেলন ২০২৬-এর জন্য একটি মূলভাব নির্ধারণ করা হয়েছে: মুক্ত জ্ঞান, সম্মিলিত প্রচেষ্টা, টেকসই আগামী। এই মূলভাব সম্মেলনের কর্মসূচি পরিকল্পনা ও সেশন নির্বাচনের অন্যতম ভিত্তি। এটি শুধু একটি স্লোগান নয়, বরং এমন একটি দৃষ্টিভঙ্গি, যা মুক্ত জ্ঞানের প্রসার, সহযোগিতামূলক উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নকে উৎসাহিত করে। আমরা এমন সেশনের প্রস্তাবনা স্বাগত জানাই, যা এই মূলভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়নে অর্থবহ অবদান রাখতে পারে।

আমাদের অঙ্গীকার

[সম্পাদনা]

অংশগ্রহণকারীকেন্দ্রিক অধিবেশন: আমরা বিশ্বাস করি, প্রতিটি বিষয় উপস্থাপনের জন্য উপযুক্ত একটি পদ্ধতি রয়েছে। তাই সম্মেলনে প্রচলিত বক্তৃতার পাশাপাশি কর্মশালা, আলোচনা, অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন ধরনের অধিবেশনকে উৎসাহিত করা হবে। প্রস্তাবনা জমা দেওয়ার সময়, আপনার বিষয়বস্তুকে সবচেয়ে কার্যকরভাবে উপস্থাপন করতে সহায়তা করবে এমন একটি বিন্যাস নির্বাচন করুন। অধিবেশনের ধরন যাই হোক না কেন, সব ধরনের প্রস্তাব সমান গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হবে।

অংশগ্রহণে সমতা: বাংলা উইকিমিডিয়া সম্প্রদায় বিভিন্ন অভিজ্ঞতা, দক্ষতা ও পটভূমির মানুষের সমন্বয়ে গঠিত। এই বৈচিত্র্য যেন সম্মেলনের কর্মসূচিতে প্রতিফলিত হয়, সে লক্ষ্যেই সবাইকে সমান সুযোগ দেওয়া হবে। নতুন ও অভিজ্ঞ—উভয় ধরনের অবদানকারীদের অংশগ্রহণকে আমরা সমানভাবে উৎসাহিত করি।

  • অধিবেশনের প্রস্তাবনা জমা দেওয়া বৃত্তি নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। একইভাবে, বৃত্তি পাওয়া মানেই কোনো প্রস্তাবনা সম্মেলনের কর্মসূচির জন্য নির্বাচিত হবে—এমনটিও নয়। এই দুটি নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হবে।
  • একজন ব্যক্তি সর্বোচ্চ ২টি প্রস্তাব জমা দিতে পারবেন। এর মাধ্যমে আরও বেশি সংখ্যক বক্তা ও নতুন কণ্ঠের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং কর্মসূচিতে বৈচিত্র্য বাড়বে।

মানসম্মত কর্মসূচি: আমাদের লক্ষ্য এমন একটি সম্মেলন আয়োজন করা, যেখানে প্রতিটি অধিবেশন অংশগ্রহণকারীদের জন্য অর্থবহ, ব্যবহারিক ও অনুপ্রেরণাদায়ক হবে। তাই প্রস্তাবের বিষয়বস্তু, প্রস্তুতি এবং উপস্থাপনার মান গুরুত্বসহকারে মূল্যায়ন করা হবে। প্রয়োজনে নির্বাচিত বক্তাদের প্রস্তুতির ক্ষেত্রেও সহায়তা করা হবে।

সহযোগিতার মাধ্যমে নির্মাণ: বাংলা উইকিসম্মেলন একটি সহযোগিতামূলক আয়োজন। যদি একাধিক প্রস্তাবের বিষয়বস্তু কাছাকাছি বা পরস্পর-সম্পূরক হয়, তাহলে আয়োজক দল সংশ্লিষ্ট প্রস্তাবদাতাদের সম্মতিতে সেগুলো একত্র করে একটি যৌথ অধিবেশন আয়োজনের প্রস্তাব দিতে পারে। এর মাধ্যমে আরও সমন্বিত, বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে।

সম্মেলনের মূলভাবকে আরও গভীরভাবে ভাবুন

[সম্পাদনা]

আপনার প্রস্তাবনাটি যেন সম্মেলনের মূলভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সে জন্য নিচের মূলভাবগুলো বিবেচনা করুন। এগুলো বাধ্যতামূলক নয়; তবে এক বা একাধিক মূলভাব প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করলে তা সম্মেলনের উদ্দেশ্যের সঙ্গে আরও ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ হবে।

মূল্যবোধ ব্যাখ্যা ও সম্ভাব্য দিকনির্দেশনা
মুক্ত জ্ঞান আপনার উদ্যোগ কিভাবে জ্ঞানকে আরও উন্মুক্ত, সহজলভ্য এবং সবার জন্য ব্যবহারযোগ্য করে তুলছে? যেমন—মুক্ত লাইসেন্স, মুক্ত জ্ঞান বিনিময়, নতুন অবদানকারীদের অংশগ্রহণ, অথবা মুক্ত জ্ঞান বিস্তারে নতুন উদ্যোগ।
সম্মিলিত প্রচেষ্টা আপনার কাজ কিভাবে ব্যক্তি, উইকিসম্প্রদায় বা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা ও অংশীদারিত্ব গড়ে তুলছে? যেমন—যৌথ প্রকল্প, সম্প্রদায় গঠন, দক্ষতা বিনিময়, স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা বা সমন্বিত উদ্যোগ।
টেকসই আগামী আপনার উদ্যোগ কিভাবে বাংলা উইকিমিডিয়া আন্দোলনের দীর্ঘমেয়াদি বিকাশে ভূমিকা রাখবে? যেমন—নতুন অবদানকারী তৈরি, বিদ্যমান অবদানকারীদের ধরে রাখা, জ্ঞানের মানোন্নয়ন, প্রযুক্তির কার্যকর ব্যবহার অথবা ভবিষ্যতমুখী ও টেকসই উদ্যোগ।

নির্বাচনের মানদণ্ড

[সম্পাদনা]

প্রাথমিক যোগ্যতা

[সম্পাদনা]
ক্রম মানদণ্ড মূল্যায়নের মাপকাঠি
বিষয়বস্তু ও অধিবেশনের ধরন: প্রস্তাবিত অধিবেশনের ধরন যেন বিষয়বস্তুর সঙ্গে উপযুক্তভাবে সামঞ্জস্যপূর্ণ হয়। ০ (সামঞ্জস্যপূর্ণ নয়) থেকে ১ (সামঞ্জস্যপূর্ণ)

মানদণ্ড

[সম্পাদনা]

নির্বাচনের সময় নিচের মানদণ্ড অনুযায়ী প্রস্তাবনা মূল্যায়ন করা হবে। গুরুত্বের ক্রমানুসারে এগুলো সাজানো হয়েছে:

ক্রম মানদণ্ড মূল্যায়নের মাপকাঠি
মূলভাবের সঙ্গে সামঞ্জস্য ও প্রাসঙ্গিকতা: প্রস্তাবনাটি সম্মেলনের মূলভাব—মুক্ত জ্ঞান, সম্মিলিত প্রচেষ্টা ও টেকসই আগামীর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা সর্বাধিক গুরুত্ব পাবে। তবে মূলভাবের বাইরে হলেও, উইকিমিডিয়া আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক প্রস্তাবনা বিবেচনা করা হবে। ১ (অপর্যাপ্ত) থেকে ৫ (সুস্পষ্ট, পূর্ণাঙ্গ ও যুক্তিসংগত)
উইকিমিডিয়া আন্দোলনে গুরুত্ব: প্রস্তাবনাটি বিভিন্ন উইকি, ভাষা বা সম্প্রদায়ে কতটা কাজে লাগতে পারে, অন্যদের অনুপ্রাণিত করতে পারে বা অনুসরণযোগ্য—এসব বিষয় বিবেচনা করা হবে। পাশাপাশি এটি সম্মেলনের অংশগ্রহণকারীদের জন্য কতটা মূল্যবান, সেটিও মূল্যায়ন করা হবে। ১ (অপর্যাপ্ত) থেকে ৫ (সুস্পষ্ট, পূর্ণাঙ্গ ও যুক্তিসংগত)
জ্ঞান বিনিময়ের মানসিকতা: প্রস্তাবদাতা নিজের অভিজ্ঞতা ও জ্ঞান ভাগ করে নিতে কতটা আগ্রহী, সহযোগিতার মাধ্যমে প্রস্তাবকে আরও সমৃদ্ধ করতে কতটা উন্মুক্ত এবং বিষয়টির ওপর তার অভিজ্ঞতা ও দক্ষতা কতটা—তা মূল্যায়ন করা হবে। ১ (অপর্যাপ্ত) থেকে ৩ (সুস্পষ্ট, পূর্ণাঙ্গ ও যুক্তিসংগত)
নতুনত্ব ও মৌলিকতা: নতুন ধারণা, সৃজনশীল উপস্থাপনা বা ভিন্নধর্মী পদ্ধতির প্রস্তাবকে উৎসাহিত করা হবে। বিষয়বস্তু ও উপস্থাপনার ধরন কতটা মৌলিক এবং অংশগ্রহণকারীদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে কি না, তা বিবেচনা করা হবে। ১ (মৌলিকতার অভাব) থেকে ৩ (সম্পূর্ণ নতুন ও ব্যতিক্রমী)

দুটি প্রস্তাবের মূল মূল্যায়ন সমান হলে নিচের অতিরিক্ত মানদণ্ড বিবেচনা করা হবে:

মানদণ্ড মূল্যায়নের মাপকাঠি
বাংলা ভাষা ও বাংলা উইকিসম্প্রদায়ের প্রাসঙ্গিকতা – বাংলা ভাষায় উপস্থাপনা এবং বাংলা উইকিসম্প্রদায় বা সংশ্লিষ্ট বিষয়ের প্রস্তাবকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। ০ (অন্যান্য ভাষা) থেকে ১ (বাংলা ভাষা)
প্রস্তুতি ও উপস্থাপনার সক্ষমতা – প্রস্তাবনাটি কতটা সুসংগঠিত, বাস্তবসম্মত ও চিন্তাশীল এবং প্রস্তাবদাতার অভিজ্ঞতা থেকে সফল উপস্থাপনার সম্ভাবনা কতটা—তা মূল্যায়ন করা হবে। ১ (অভিজ্ঞতা নেই) থেকে ৩ (প্রমাণিত অভিজ্ঞতা)
প্রথমবার উপস্থাপক – একই মানের দুটি প্রস্তাবের ক্ষেত্রে, যারা আগে কখনও বাংলা উইকিসম্মেলনে অধিবেশন পরিচালনা করেননি, তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। ০ (না) থেকে ১ (হ্যাঁ)

প্রতিটি প্রস্তাবনা অন্তত তিনজন মূল্যায়নকারী স্বতন্ত্রভাবে পর্যালোচনা করবেন।

বিষয়ভিত্তিক ট্র্যাক

[সম্পাদনা]

আপনার প্রস্তাবনাটি সঠিকভাবে মূল্যায়ন করার সুবিধার্থে বিষয়ভিত্তিক ট্র্যাক নির্ধারণ করা হয়েছে। আগের আসরগুলোর অভিজ্ঞতা, অংশগ্রহণকারীদের আগ্রহ এবং উইকিমিডিয়া আন্দোলনের বর্তমান চাহিদা বিবেচনায় নিয়ে এ বছরের ট্র্যাকগুলো সাজানো হয়েছে। প্রস্তাবনা জমা দেওয়ার সময় আপনার বিষয়বস্তুর সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ ট্র্যাকটি নির্বাচন করুন। সব ট্র্যাক সমান গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ট্র্যাকের প্রস্তাব সমান গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হবে।

প্রস্তাবিত ট্র্যাক সংজ্ঞা অন্তর্ভুক্তির জন্য ধারণা ও উদাহরণ
শিক্ষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শেখার মাধ্যমে উইকিমিডিয়া প্রকল্পে অবদান বৃদ্ধি ও মুক্ত জ্ঞান বিস্তারের উদ্যোগ। যেমন—শিক্ষা কর্মসূচি, শিক্ষাক্ষেত্রে উইকিপিডিয়া, প্রশিক্ষণ, সম্পাদক তৈরির উদ্যোগ, শিক্ষার্থী সম্পৃক্ততা, শিক্ষণ উপকরণ এবং শেখার অভিজ্ঞতা।
গ্ল্যাম ও গ্ল্যাম বিষয়ক অংশীদারিত্ব গ্রন্থাগার, জাদুঘর, আর্কাইভ এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব ও যৌথ উদ্যোগ। যেমন—গ্ল্যাম প্রকল্প, ডিজিটাইজেশন, উন্মুক্ত সংগ্রহশালা, প্রতিষ্ঠানভিত্তিক সহযোগিতা, উইকিমিডিয়ান-ইন-রেসিডেন্স এবং ঐতিহ্য সংরক্ষণ উদ্যোগ।
প্রযুক্তি উইকিমিডিয়া প্রকল্প পরিচালনা ও উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট প্রযুক্তিগত বিষয়; যেমন মিডিয়াউইকি, এক্সটেনশন, বট, গ্যাজেট, স্ক্রিপ্ট, API, সার্ভার, UX/UI, তৃতীয় পক্ষের সেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক প্রযুক্তি ও সরঞ্জাম। যেমন—এআই-এর ব্যবহার, স্বয়ংক্রিয়তা, নতুন প্রযুক্তিগত সরঞ্জাম, তথ্যের নির্ভরযোগ্যতা, সফটওয়্যার উন্নয়ন, কর্মপ্রবাহ সহজীকরণ এবং উদ্ভাবনী প্রযুক্তির প্রয়োগ।
উইকিমিডিয়া সম্প্রদায় সম্প্রদায় গঠন, অবদানকারী ও সম্প্রদায়ের সম্পৃক্ততা, নেতৃত্ব, স্বেচ্ছাসেবক উন্নয়ন, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি, সম্প্রদায়ের সুস্থতা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব। যেমন—সম্প্রদায় ব্যবস্থাপনা, নতুন অবদানকারীকে স্বাগত জানানো, নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবক ধরে রাখা, সংঘাত নিরসন এবং সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি।
আউটরিচ ও অংশীদারিত্ব উইকিমিডিয়ার বাইরের ব্যক্তি, প্রতিষ্ঠান, সম্প্রদায় বা সংগঠনের সঙ্গে যোগাযোগ, সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার উদ্যোগ। যেমন—প্রাতিষ্ঠানিক আউটরিচ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা, মুক্ত জ্ঞান প্রচার এবং নতুন অংশীদারিত্ব গড়ে তোলার অভিজ্ঞতা এবং গ্ল্যাম ও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের অংশীদারিত্ব।
বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি উইকিমিডিয়া আন্দোলনে বৈচিত্র্য, সমতা, অন্তর্ভুক্তি এবং নিরাপদ ও সবার জন্য স্বাগতপূর্ণ পরিবেশ গড়ে তোলার উদ্যোগ। যেমন—লিঙ্গ বৈচিত্র্য, ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ, প্রবেশগম্যতা, অন্তর্ভুক্তিমূলক নীতি এবং প্রতিনিধিত্ব বৃদ্ধি।
ব্যতিক্রমী ধারণা অন্যান্য ট্র্যাকের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় এমন নতুন, সৃজনশীল বা পরীক্ষামূলক ধারণা। যেমন—নতুন কার্যক্রমের ধারণা, সৃজনশীল উপস্থাপনা, পরীক্ষামূলক প্রকল্প, আন্তঃবিষয়ক উদ্যোগ অথবা প্রচলিত ধারার বাইরে কোনো উদ্ভাবনী ভাবনা।

বিন্যাস

[সম্পাদনা]

ঝটপট বক্তব্য (৫ মিনিট)

[সম্পাদনা]
বিস্তারিত দেখুন: সংক্ষিপ্ত বক্তব্য

আপনি কি এমন কোনো প্রকল্প, অভিজ্ঞতা, গবেষণা, উদ্যোগ বা ধারণা নিয়ে কাজ করেছেন, যা উইকিসম্প্রদায়ের অন্যদের জানাতে চান? তাহলে সংক্ষিপ্ত বক্তব্য আপনার জন্য। মাত্র ৫ মিনিটে সৃজনশীল ও আকর্ষণীয় উপায়ে আপনার কাজ উপস্থাপন করুন।

ঝটপট বক্তব্য হলো অল্প সময়ে একটি নির্দিষ্ট ধারণা, উদ্যোগ, প্রকল্প বা অভিজ্ঞতা উপস্থাপনার একটি কার্যকর মাধ্যম। এটি কোনো পূর্ণাঙ্গ আলোচনা নয়; বরং অংশগ্রহণকারীদের আগ্রহ সৃষ্টি করা এবং মূল বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরাই এর উদ্দেশ্য। একটি অধিবেশনে ধারাবাহিকভাবে একাধিক ঝটপট বক্তব্য উপস্থাপিত হবে।

প্রয়োজনীয়তা ও শর্তাবলি
  • প্রতিটি ঝটপট বক্তব্যের জন্য সর্বোচ্চ দুইজন বক্তা থাকতে পারবেন।
  • প্রতিটি উপস্থাপনার জন্য সর্বোচ্চ ৫ মিনিট সময় বরাদ্দ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করতে হবে।
  • স্লাইড ব্যবহার করা বাধ্যতামূলক নয়। তবে ব্যবহার করলে সেগুলো সংক্ষিপ্ত, স্পষ্ট ও সহজবোধ্য হওয়া উচিত। স্লাইড সংখ্যা তিনের অধিক হওয়া উচিৎ নয়।
  • উপস্থাপনার আগে নিজে অনুশীলন করার জন্য বক্তাদের উৎসাহিত করা হচ্ছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য উপস্থাপন করা যায়।
  • আয়োজকদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজন হলে নির্ধারিত সময়সীমার মধ্যে আপনার চূড়ান্ত উপস্থাপনার উপকরণ জমা দিতে হবে।

উপস্থাপনা/প্রেজেন্টেশন (১৫ ও ৩০ মিনিট)

[সম্পাদনা]

এই সেশনে এক বা একাধিক বক্তা কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর উপস্থাপনার (প্রেজেন্টেশনের) মাধ্যমে বক্তব্য উপস্থাপন করবেন। সেশন শুরুর আগে বক্তাকে প্রেজেন্টেশন প্রস্তুত করে CC BY-SA 4.0 মুক্ত লাইসেন্সে উইকিমিডিয়া কমন্সে আপলোড করতে হবে। প্রেজেন্টেশনে ব্যবহৃত সকল ছবি, ভিডিও ও অন্যান্য উপকরণ মুক্ত লাইসেন্সের হতে হবে এবং সেগুলোর উৎস ও প্রণেতার যথাযথ স্বীকৃতি উল্লেখ করতে হবে। প্রেজেন্টেশনের ভাষা অবশ্যই বাংলা হতে হবে। অন্য ভাষায় জমা দেওয়া প্রেজেন্টেশন গৃহীত হবে না; প্রয়োজনে তা বাংলা ভাষায় রূপান্তরের জন্য সংশোধনের অনুরোধ জানানো হবে। প্রেজেন্টেশন শেষে অংশগ্রহণকারীদের প্রশ্ন ও মতামতের ভিত্তিতে উন্মুক্ত আলোচনা পরিচালনার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকবে।

যদি কোনো বক্তা সম্মেলনে সরাসরি উপস্থিত থাকতে না পারেন, তবে সম্মেলন শুরুর আগে নির্ধারিত সময়ের মধ্যে প্রেজেন্টেশনের ভিডিও রেকর্ডিং জমা দিতে পারবেন।

এই সেশনে সময়ক্রম নিম্নরূপ:

  • ১৫ মিনিট (১০ মিনিট প্রেজেন্টেশন + ৫ মিনিট আলোচনা)
  • ৩০ মিনিট (২০ মিনিট প্রেজেন্টেশন + ১০ মিনিট আলোচনা)

ব্যবহারিক প্রদর্শনী/ডেমোনস্ট্রেশন (২০ মিনিট)

[সম্পাদনা]

এই সেশনে একজন বা একাধিক উপস্থাপক কোনো নির্দিষ্ট সরঞ্জাম, সফটওয়্যার, প্রকল্প, কৌশল বা কার্যপ্রক্রিয়া সরাসরি প্রদর্শনের মাধ্যমে পরিচয় করিয়ে দেবেন। সেশনের মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদের বাস্তব পরিবেশে কোনো কাজ কিভাবে সম্পন্ন করা হয়, তা ধাপে-ধাপে দেখানো। প্রয়োজনে সংক্ষিপ্ত প্রেজেন্টেশন ব্যবহার করা যেতে পারে, তবে সেশনের প্রধান অংশ হবে সরাসরি প্রদর্শন।

এই সেশন হাতে-কলমে প্রশিক্ষণ নয়; অংশগ্রহণকারীদের সক্রিয়ভাবে কাজ সম্পন্ন করার পরিবর্তে প্রদর্শন পর্যবেক্ষণ, প্রশ্ন করা এবং বিষয়টি সম্পর্কে ধারণা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হবে। সম্পূর্ণ সেশন বাংলা ভাষায় পরিচালিত হবে এবং শেষে অংশগ্রহণকারীদের প্রশ্ন ও মতামতের জন্য নির্ধারিত সময় বরাদ্দ থাকবে।

এই সেশনে সময়ক্রম নিম্নরূপ:

  • ২০ মিনিট (১৫ মিনিট ব্যবহারিক প্রদর্শনী + ৫ মিনিট প্রশ্নোত্তর)

কর্মশালা (৪৫ ও ৬০ মিনিট)

[সম্পাদনা]

এই সেশনে কোনো নির্দিষ্ট দক্ষতা, প্রকল্প, সরঞ্জাম বা পদ্ধতি হাতে-কলমে শেখানো হবে, যাতে অংশগ্রহণকারীরা সেশন শেষে ব্যবহারিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারেন। কর্মশালার শুরুতে বিষয়টির উদ্দেশ্য, প্রেক্ষাপট এবং প্রয়োজনীয় ধারণা সংক্ষেপে উপস্থাপন করা হবে, যাতে অংশগ্রহণকারীরা পরবর্তী কার্যক্রম সহজে অনুসরণ করতে পারেন।

এরপর প্রশিক্ষক বা পরিচালকের নির্দেশনায় অংশগ্রহণকারীরা ধাপে ধাপে ব্যবহারিক অনুশীলনে অংশ নেবেন। প্রয়োজনে একাধিক সহ-পরিচালক বা সহায়ক ব্যক্তি কর্মশালা পরিচালনায় সহযোগিতা করতে পারবেন এবং নির্দিষ্ট অংশে সংক্ষিপ্ত নির্দেশনা বা উপস্থাপনা দিতে পারবেন। কর্মশালার মূল লক্ষ্য হবে অংশগ্রহণকারীদের নির্ধারিত কাজ সম্পন্ন করতে সহায়তা করা এবং বাস্তব অনুশীলনের মাধ্যমে নতুন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা। সম্পূর্ণ কর্মশালা বাংলা ভাষায় পরিচালিত হবে।

এই সেশনের জন্য প্রস্তাব জমা দেওয়ার সময় কর্মশালার উদ্দেশ্য, কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ এবং অংশগ্রহণকারীরা কি কি দক্ষতা বা জ্ঞান অর্জন করবেন, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

প্রয়োজনীয়তা ও শর্তাবলি
  • প্রস্তাবে কর্মশালার উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করুন। অংশগ্রহণকারীরা কি শিখবেন বা কোন দক্ষতা অর্জন করবেন, তা ব্যাখ্যা করুন।
  • কর্মশালা পরিচালনাকারীরা প্রয়োজনে বিভিন্ন বিষয় পরিচালনার জন্য সহায়ক ব্যক্তি (Resource Person) অন্তর্ভুক্ত করতে পারবেন। ইচ্ছা করলে প্রত্যেকে সংক্ষিপ্ত পরিচিতিমূলক বক্তব্য দিতে পারবেন।
  • কর্মশালার প্রধান পরিচালনাকারীকে সম্মেলনে সশরীরে উপস্থিত থাকতে হবে। তবে সহায়ক ব্যক্তি বা বিশেষজ্ঞরা প্রয়োজনে অনলাইনে যুক্ত হতে পারবেন।
  • অধিবেশন পরিকল্পনার সময় আগের এবং পরের অধিবেশনের মধ্যে প্রায় ৫ মিনিটের সেশন পরিবর্তনের সময় (transition time) বিবেচনায় রাখুন।

এই সেশনে সময়ক্রম নিম্নরূপ:

  • ৪৫ মিনিট (৩০ মিনিট প্যানেল আলোচনা + ১৫ মিনিট প্রশ্নোত্তর)
  • ৬০ মিনিট (৪৫ মিনিট প্যানেল আলোচনা + ১৫ মিনিট প্রশ্নোত্তর)

প্যানেল আলোচনা (প্রায় ৪০ ও ৬০ মিনিট)

[সম্পাদনা]

আপনার কি এমন কোনো প্রকল্প রয়েছে, যা একটি অভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন মানুষকে একত্রিত করেছে? বাংলা উইকিসম্মেলনে সেই প্রকল্পের ফলাফল ও অর্জিত অভিজ্ঞতা উপস্থাপন করুন এবং আলোচনা করুন, কিভাবে তা উইকিমিডিয়া আন্দোলনের অন্যান্য সম্প্রদায়ে অনুসরণ বা বাস্তবায়ন করা যেতে পারে। এই সেশনে বক্তাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া বাধ্যতামূলক নয়, তবে চাইলে দিতে পারেন। সেশনের শেষে প্রশ্নোত্তরের মারফত দ্বিমুখী আলোচনার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকবে।

প্রয়োজনীয়তা ও শর্তাবলি:
  • আলোচনায় একজন সঞ্চালক এবং অন্তত দুইজন আলোচক থাকতে হবে। প্রয়োজনে প্রত্যেক আলোচক শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করতে পারবেন।
  • প্যানেলে অংশগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে ৫০%-এর বেশি একই প্রতিষ্ঠান বা সংগঠনের প্রতিনিধিত্ব করতে পারবেন না।
  • প্যানেলে অংশগ্রহণকারীদের অন্তত দুই-তৃতীয়াংশকে সরাসরি (সশরীরে) উপস্থিত থাকতে হবে, যাতে অধিবেশন শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করা যায়। অনলাইনে অংশগ্রহণের সুযোগ থাকলে তা আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।
  • অধিবেশন পরিকল্পনার সময় আগের এবং পরের অধিবেশনের মধ্যে প্রায় ৫ মিনিটের সেশন পরিবর্তনের সময় (transition time) বিবেচনায় রাখুন।

এই সেশনে সময়ক্রম নিম্নরূপ:

  • ৪০ মিনিট (৩০ মিনিট প্যানেল আলোচনা + ১০ মিনিট প্রশ্নোত্তর)
  • ৬০ মিনিট (৪৫ মিনিট প্যানেল আলোচনা + ১৫ মিনিট প্রশ্নোত্তর)

যৌথ আলোচনা (প্রায় ৪০ ও ৬০ মিনিট)

[সম্পাদনা]

এই সেশনে দুই থেকে চারজন বক্তা একটি নির্দিষ্ট বিষয় বা অভিন্ন থিমের বিভিন্ন দিক নিয়ে যৌথভাবে আলোচনা করবেন। প্রত্যেক বক্তা সংক্ষিপ্তভাবে নিজ নিজ অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি বা কাজ উপস্থাপন করবেন এবং প্রয়োজনে একে অপরের বক্তব্যের পরিপূরক হিসেবে মতামত বিনিময় করবেন। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার বাধ্যতামূলক নয়, তবে প্রয়োজন হলে ব্যবহার করা যেতে পারে। সম্পূর্ণ আলোচনা বাংলা ভাষায় অনুষ্ঠিত হবে। সেশনের শেষে অংশগ্রহণকারীদের প্রশ্ন ও মতামতের ভিত্তিতে উন্মুক্ত আলোচনা পরিচালনার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ থাকবে।

এই সেশনে সময়ক্রম নিম্নরূপ:

  • ৪০ মিনিট (৩০ মিনিট প্যানেল আলোচনা + ১০ মিনিট প্রশ্নোত্তর)
  • ৬০ মিনিট (৪৫ মিনিট প্যানেল আলোচনা + ১৫ মিনিট প্রশ্নোত্তর)

উইকিমিটাপ (প্রায় ৬০ মিনিট)

[সম্পাদনা]

উইকিমিটাপ হলো উইকিমিডিয়া আন্দোলনের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বিভিন্ন গোষ্ঠীর আয়োজিত বিষয়ভিত্তিক অনানুষ্ঠানিক আড্ডা। এতে অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্ট বিষয়, আগ্রহের ক্ষেত্র, সম্প্রদায় বা উদ্যোগ নিয়ে মতবিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন।

বাংলা উইকিসম্মেলনে আড্ডাগুলো সম্মেলনের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হবে। প্রয়োজন অনুযায়ী মিলনসভাগুলো নির্দিষ্ট বিষয়, সম্প্রদায় বা অভিন্ন আগ্রহের ভিত্তিতে আয়োজন করা যেতে পারে।

যথাসম্ভব প্রতিদিনের জন্য নির্দিষ্ট বিষয়ভিত্তিক আড্ডার আয়োজন করা হবে। উদাহরণস্বরূপ:

  • প্রথম দিন: বিষয়ভিত্তিক আড্ডা (যেমন: উইকি লাভস আর্থ, উইকি লাভস মনুমেন্টস, উইকিসংকলন, উইকিউপাত্ত, কমন্স ইত্যাদি)।
  • দ্বিতীয় দিন: সম্প্রদায়ভিত্তিক আড্ডা।