নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬/প্রার্থী/সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ
Syed Muhammad Ishtiak Mahfuz Abdullah
সদস্য নম্বর: WMBD-RM-101
সাধারণ সদস্য
Ishtiak Abdullah
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ। উইকিতে Ishtiak Abdullah নামে সম্পাদনা করে থাকি। উইকিপিডিয়ার সাথে আগে থেকে পরিচিত থাকলেও ২০২১ সাল থেকে সক্রিয়ভাবে উইকিতে সম্পাদনা শুরু করেছি। বাংলা উইকিপিডিয়ায় ১২,০০০+ এবং বৈশ্বিকভাবে ৫০,০০০+ সম্পাদনা করেছি। এ ছাড়াও বাংলা উইকিপিডিয়ায় প্রায় হাজারখানেক নিবন্ধ তৈরি করেছি। আমি অফ-উইকি ও অন-উইকি উভয় ধরনের কার্যক্রমেই প্রচণ্ড সক্রিয়। ব্যক্তিগত জীবনে আমি একজন ছাত্র। বিটিসিএল আইডিয়াল স্কুল হতে মাধ্যমিক এবং নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
অফলাইন ও অনলাইন উভয় ধরনের কার্যক্রমেই সক্রিয় থাকায় অনেক অফ-উইকি ও অন-উইকি কার্যক্রমে কিছু ভূমিকা রাখার সৌভাগ্য আমার হয়েছে। অন-উইকিতে আমি বিভিন্ন প্রতিযোগিতা ও আয়োজনে (যেমন: অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪) পর্যালোচকের ভূমিকা পালন করেছি। বিভিন্ন এডিটাথন ও প্রতিযোগিতা (যেমন: গণিত এডিটাথন ২০২৪) আয়োজনও করেছি। এ ছাড়া টহলদানেও আমি সক্রিয় থাকি। ২০২৫ সালে টহলদানের পরিসংখ্যান অনুযায়ী আমি বাংলা উইকিপিডিয়ার শীর্ষ নিরীক্ষক। বর্তমানে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের মুখপত্র উইকিপত্রিকার সম্পাদকের গুরুদায়িত্ব পালন করছি।
অফ-উইকি কার্যক্রমেও আমি সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকি। ২০২৫ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রতিটি মিটআপ ও কার্যক্রমে আমি অংশ নিয়েছি। বিভিন্ন সময়ে আমি মিটআপ, কর্মশালা, সম্পাদনাসভা প্রভৃতি আয়োজন করেছি (উদাহরণ দেখুন যথাক্রমে এখানে, এখানে এবং এখানে)।প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
বাংলা উইকিপিডিয়ার সম্পাদকদের অধিকাংশই তরুণ বয়সসীমার অন্তর্ভুক্ত। তরুণদের একজন প্রতিনিধি হিসেবে আমি বিশ্বাস করি, আমি তাদের যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে সক্ষম। যেহেতু বাংলা উইকিপ্রকল্পগুলোর সম্পাদকদের বিরাট অংশ তরুণ, সেহেতু নির্বাহী পরিষদে তরুণ প্রতিনিধিরা থাকলে তরুণদের সমস্যা, সম্ভাবনা ও চাহিদাগুলো কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে। এই ক্ষেত্রে আমি নির্বাহী পরিষদের সামনে তরুণ সম্পাদকদের ভাবনা, প্রত্যাশা, সমস্যা ও বাস্তব অভিজ্ঞতাগুলো দায়িত্বশীলভাবে উপস্থাপন করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। একই সঙ্গে তরুণদের জন্য অংশগ্রহণবান্ধবতৈরি করার জন্য আমি সচেষ্ট থাকব।
আঞ্চলিক ও প্রান্তিক পর্যায়ে উইকিমিডিয়া কার্যক্রম বিস্তারেও আমি কাজ করতে চাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আউটরিচ প্রোগ্রাম, কর্মশালা ও এডিটাথন আয়োজনের মাধ্যমে নতুন অবদানকারী যুক্ত করা এবং উইকিমিডিয়া আন্দোলনকে ঢাকার বাইরে আরও বিস্তৃত করা আমার লক্ষ্য। নির্বাহী পরিষদে নির্বাচিত হলে আমি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর উইকি-ক্লাব গঠন করতে ও সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনা করতে সর্বাত্মক প্রচেষ্টা করবো।
অভ্যন্তরীণ স্বচ্ছতা, জবাবদিহি ও কমিউনিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ নিশ্চিত করে নির্বাহী পরিষদ ও সম্পাদকদের মধ্যে একটি আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে কাজ করবো। উইকিমিডিয়া বাংলাদেশ যেন বিশ্বের শীর্ষ উইকিমিডিয়া চ্যাপ্টারগুলোর একটিতে পরিণত হতে পারে, সে উদ্দেশ্যে আমি সক্রিয়ভাবে কাজ করে যাবো।
