সুব্রত রায় Subrata Roy সদস্য নম্বর: WMBD-RM-038 সাধারণ সদস্য Suvray
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি সুব্রত রায়। স্বেচ্ছা বিবৃতি প্রদানের ৮ দিন পর ৫৬ বছরে পদার্পণ করবো বলে আশাবাদী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছি। পেশায় একজন গ্রন্থাগার প্রভাষক। ২০০৮ সাল থেকে বাংলা উইকিপিডিয়ার সাথে যুক্ত রয়েছি। এক পর্যায়ে সর্বাধিক সম্পাদনা, সর্বাধিক নিবন্ধ রচনাসহ অগণিত স্থিরচিত্র কমন্সে আপলোড করেছি। এডিটাথনসহ অন-লাইন কার্যক্রমের পাশাপাশি সাধ্যমত অফ-লাইন কার্যক্রমেও অদ্যাবধি যুক্ত। ২০২২-২০২৩ সময়কালে নির্বাহী পরিষদের সদস্যরূপে যথাসম্ভব স্বীয় চিন্তাধারা, অভিজ্ঞতার মতবিনিময় করে উইকিপিডিয়া কার্যক্রমকে গতিশীল করার চেষ্টা করেছি। প্রসঙ্গতঃ সর্বশেষ ২০২৪ সালের ‘নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন কমিটির’ সাধারণ সদস্যের দায়িত্বে ছিলাম। নির্বাচন কমিটির অন্যান্যদের সাথে একত্রে ‘জিরো টলারেন্স নীতি’ প্রয়োগ করে ‘স্বার্থক ও গ্রহণযোগ্য’ নির্বাচন উপহার দিতে পেরেছি বলে আন্তরিকভাবে বিশ্বাস করি। সর্বোপরি, উইকিপিডিয়ায় আমার সম্পৃক্ততাকে জীবনের চতুর্থ অধ্যায় হিসেবে বর্ণনা করি। ব্যক্তিগত ব্যস্ততা সত্ত্বেও সুযোগ-সময় পেলেই উইকিপিডিয়া আন্দোলনকে ছড়িয়ে-ছিটিয়ে দেয়ার প্রয়াস চালাই একান্তই নিষ্কলুষ চিত্তে। এছাড়াও, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক হলেও সদা-সর্বদা নিজেকে শুভানুধ্যায়ী হিসেবে নিজের উপস্থিতির কথা জানান দেবো আমৃত্যুকাল।
প্রার্থী পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
মূলতঃ অন-উইকি কার্যক্রমেই অধিক সম্পৃক্ত। ২০২২-২০২৩ সময়কালে নির্বাহী পরিষদের সদস্য ছিলাম। ২০২৪-২০২৫ সময়কালের নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন কমিটির সদস্যের দায়িত্বে থেকে একটি সার্থক নির্বাচন উপহার দিয়েছি বলে বিশ্বাস করি। এছাড়াও, যথাসম্ভব স্বীয় দক্ষতা, অভিজ্ঞতার মিশেল ঘটিয়ে উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রমকে গতিশীল করতে প্রত্যক্ষ/পরোক্ষভাবে ভূমিকা রেখেছি।
প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
উইকিমিডিয়া বাংলাদেশের চলমান কার্যক্রমকে আরও গতিশীল, যুগোপযোগী দৃষ্টিভঙ্গীর সাথে একাত্মবোধ পোষণ করে মৌলিক রূপরেখা প্রণয়ন, জবাবদিহিতা, ’সাধারণ সদস্যদের’ চাওয়া-পাওয়ার দিকগুলো শুধু তুলে ধরাই নয় - এগুলো যাতে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়িত হয় সেদিকে প্রয়াস চালাবো।
সাধারণ সদস্যদের চাওয়া-পাওয়ার দিকগুলো কিভাবে নিরূপণ করবেন? এছাড়া জবাবদিহিতা এবং কার্যক্রমকে গতিশীল করতে আপনি কি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছেন?--রকি (আলাপ) ১২:০৮, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]
আপনাকে অজস্র ধন্যবাদ। উইকিমিডিয়া বাংলাদেশের সাংগঠনিক ভিত্তি দৃঢ়করণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আপনার লব্ধ অভিজ্ঞতায় পরিপূর্ণ ছোট্ট অথচ মূল্যবান প্রশ্নগুলোর উত্তর ধাপে ধাপে দিচ্ছি:
(ক) ‘সাধারণ সদস্য’ মূলতঃ সংগঠনের প্রাণ যা অনেকাংশেই হৃৎপিণ্ড সমতুল্য। সাংগঠনিক অনুমোদনক্রমে নিয়মিতভাবে তাঁদের চাহিদা নিরূপণকল্পে নির্দিষ্ট সময়ান্তর জরিপ ও ফলাবর্তন বা ফিডব্যাক সংগ্রহ; ই-মেইল, সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ চ্যানেল, অন-লাইন মিটিংসহ অফ-লাইনে প্রতি ৩/৬ মাস কিংবা বাৎসরিক সমাবেশের আয়োজন করা যেতে পারে। এরফলে তাঁদের প্রত্যাশা ও প্রাপ্তিতে কতটুকু শূন্যতা বা ফারাক রয়েছে তা জানা যাবে। সর্বোপরি, নেতৃত্ব ও সাধারণ সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থাবোধ, শ্রদ্ধাবোধ বহুলাংশে বৃদ্ধি পাবে; গ্রহণযোগ্যতার সুন্দর-দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি হবে এবং ইপ্সিত লক্ষ্য অর্জনে দূর্দান্ত ফলাফল নিয়ে আসবে বলে আন্তরিকভাবে বিশ্বাস করি।
(খ) ‘ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের সাংগঠনিক রূপরেখা প্রণয়ন’ সংগঠনের কার্যক্রমে গতিশীলতার পরিবেশ নিয়ে আসে ও প্রাণসঞ্চার সৃষ্টি করে। এ গতিশীলতা আনয়ণে জবাবদিহিতার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। স্বেচ্ছাসেবীনির্ভর এ সংগঠনে বিষয়টির প্রায় সবটুকুই উইকিপিডিয়ার প্রতি ভালোবাসা, দায়বদ্ধতার উপর নির্ভর করে বলে মনে করি। যুগোপযোগী সাংগঠনিক যে-কোন কার্য সম্পাদনে অবশ্যই সুস্পষ্ট দিক-নির্দেশনা থাকতে হবে, দায়িত্ব নির্ধারণ করতে হবে। দায়িত্বপ্রাপ্ত(দের) সাথে নিয়মিত যোগাযোগ, বাজেট প্রণয়ন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল, অগ্রগতি, সিদ্ধান্ত বাস্তবায়ন ও প্রতিকূলতার দিকগুলো অনলাইনে উন্মুক্ত রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা যায়। এরফলে, সাংগঠনিক কর্মকাণ্ডে প্রাণবন্তঃ পরিবেশ ফিরে আসবে ও ধারাবাহিকতা বজায় থাকবে।