বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬/প্রার্থী/মো: জিল্লুর রহমান

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

মো: জিল্লুর রহমান
মো: জিল্লুর রহমান
Md Zillur Rahman
সদস্য নম্বর: WMBD-RM-090
সাধারণ সদস্য
ZI Jony

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি মো. জিল্লুর রহমান। একজন সক্রিয় উইকিমিডিয়ান হিসেবে দীর্ঘদিন ধরে উইকিপিডিয়া ও অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পে নিবন্ধ লেখা, সম্পাদনা, অনুবাদ এবং বিভিন্ন প্রতিযোগিতা ও সম্প্রদায়ের কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত আছি। নতুন সম্পাদকদের সহায়তা করা এবং বাংলা ভাষায় মানসম্মত ও নির্ভরযোগ্য মুক্ত জ্ঞান সমৃদ্ধ করার কাজে নিয়মিতভাবে অংশগ্রহণ করেছি।

উইকিমিডিয়ার অনলাইন এবং অফলাইন কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা থেকে সংগঠনের কাজের ধরন, চ্যালেঞ্জ এবং সম্ভাবনাগুলো কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। দলগতভাবে কাজ করা, স্বচ্ছ প্রক্রিয়া বজায় রাখা এবং স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণের মত বিষয়গুলো যে একটি শক্তিশালী সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ, তা আমি এই পথচলায় উপলব্ধি করেছি।

এই অভিজ্ঞতা ও আগ্রহ থেকেই উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে সংগঠনের কার্যক্রম ও কমিউনিটির সঙ্গে আরও দায়িত্বশীলভাবে যুক্ত থাকতে পারি।

প্রার্থী কখনো উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেননি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।

আমি দীর্ঘ ৯ বছর ধরে উইকিমিডিয়া আন্দোলনের অনলাইন ও অফলাইন উভয় পর্যায়ে বিভিন্ন ভূমিকা ও দায়িত্বে যুক্ত আছি।

উইকিমিডিয়া বাংলাদেশ সংশ্লিষ্ট কার্যক্রমের অংশ হিসেবে আমি বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর অনুষ্ঠান বিন্যাস উপদলের সদস্য হিসেবে কাজ করেছি। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত গ্লাম উইকি সম্মেলন ২০২৩-এর অনুষ্ঠান বিন্যাস দলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছি। বর্তমানে, ২০২৪ সালের জানুয়ারি থেকে “বছরের সেরা ছবি” প্রতিযোগিতার আয়োজক কমিটির সদস্য হিসেবে কাজ করছি।

আন্তর্জাতিক ও বিষয়ভিত্তিক প্রকল্পে নেতৃত্ব ও পরিচালনামূলক ভূমিকায় আমার অংশগ্রহণ রয়েছে। আমি বর্তমানে উইকি ভালোবাসে রমজান প্রকল্পের আন্তর্জাতিক দলের প্রকল্প প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি, উইকিপিডিয়া এশিয়ান মাস ব্যবহারকারী দল এবং গ্লাম ব্যবহারকারী দল, উভয়েরই পরিচালনা পরিষদের (Steering Committee) সদস্য হিসেবে যুক্ত আছি।

শিক্ষা খাতে উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে আমার সম্পৃক্ততা শুরু হয় ২০২০ সালের আগস্ট মাসে। সে সময় থেকে আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনের এডুকেশন টিমের সঙ্গে একজন এডুউইকি আউটরিচ সহযোগী (নিউজলেটার প্রকাশক) হিসেবে কাজ করে আসছি। এই কাজটি পর্যায়ক্রমে উইকিপিডিয়া ও শিক্ষা ব্যবহারকারী দল এবং বর্তমানে এডুউইকি হাব–এর আওতায় পরিচালিত হচ্ছে।

এর আগে, ২০২০ সালে আমি উইকি লাভস ফোকলোর–এর আন্তর্জাতিক দলের সদস্য হিসেবে কাজ করেছি, যেখানে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলোর ওপর বিশেষভাবে মনোযোগ দেওয়া হয়েছিল। এ ছাড়া, ২০২০ সালে উইকি লাভস আর্থ বাংলাদেশ এবং উইকি লাভস মনুমেন্টস বাংলাদেশ কার্যক্রমেও আমি সক্রিয়ভাবে যুক্ত ছিলাম।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের প্রেক্ষাপটে আমি আন্দোলনের কৌশল নির্ধারণ ও সুপারিশ প্রক্রিয়ায় একজন সদস্য এবং অন্যতম সমন্বয়কারী হিসেবে ভূমিকা পালন করেছি। পাশাপাশি নিয়মিতভাবে উইকিমিডিয়া ব্লগ ও বিভিন্ন নিউজলেটারে লেখার মাধ্যমে আন্দোলনের কার্যক্রম ও অভিজ্ঞতা নথিবদ্ধ করার কাজ করছি।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।

নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হলে আমি উইকিমিডিয়া বাংলাদেশ এবং দেশের উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে একজন স্বেচ্ছাসেবক হিসেবেই যুক্ত থাকতে চাই, যেভাবে আমি এতদিন যুক্ত ছিলাম। আমার কাছে এই সদস্যতার অর্থ নেতৃত্ব দেওয়া নয়, বরং চলমান কাজগুলোকে বোঝা, সম্প্রদায়ের কথা শোনা এবং যেখানে প্রয়োজন সেখানে সহযোগিতা করা।

অনলাইন ও অফলাইন উভয় পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, আমাদের অনেক উদ্যোগ ভালোভাবে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোর অভিজ্ঞতা ও প্রয়োজনীয় শিক্ষা গুলো হারিয়ে যায়। নির্বাহী পরিষদের ভেতরে থেকে এসব অভিজ্ঞতা নথিবদ্ধ রাখা এবং ভবিষ্যৎ কাজের জন্য সহজে ব্যবহারযোগ্য করে তোলার বিষয়ে মনোযোগ দিব এবং প্রয়োজন পদক্ষেপ গ্রহণের চেষ্টা করব।

এছাড়া নতুন ও বিদ্যমান স্বেচ্ছাসেবকদের একসাথে যুক্ত থাকা, এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগকে আরও সহজ ও মানবিক করা জরুরি। অনেকেই আগ্রহ নিয়ে যুক্ত হন, কিন্তু সঠিক দিকনির্দেশনা বা পারস্পরিক যোগাযোগের অভাবে সক্রিয় থাকতে পারেন না। এই বাস্তবতাটি মাথায় রেখে সম্প্রদায়ের ভেতরে যোগাযোগ ও সহায়তার ধরণ কীভাবে আরও কার্যকর হতে পারে সে বিষয়ে কাজ করার চেষ্টা করব।

সংযুক্ত আরব আমিরাতের উইকিমিডিয়ান ব্যবহারকারী দলসহ একাধিক ব্যবহারকারী দলের সঙ্গে আন্তঃসহযোগিতামূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এসব আলোচনা থেকে যে ধারণা ও সম্ভাবনা উঠে এসেছে, সেগুলো বাস্তবসম্মতভাবে কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে প্রয়োজন অনুযায়ী সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়নের চেষ্টা করব।

সব মিলিয়ে, নির্বাহী পরিষদে যুক্ত হওয়ার আগ্রহকে আমি একটি দায়িত্বপূর্ণ ভূমিকা হিসেবে দেখি। এখানে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সাধারণ বা অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া নয়, বরং দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ, সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া এবং তার জবাবদিহি নিশ্চিত করা। একই সঙ্গে আমি এটিকে শেখা ও বোঝার একটি চলমান প্রক্রিয়া হিসেবেও দেখি। কারণ, নির্বাহী পরিষদের কাজ কার্যকর হয় তখনই, যখন সম্প্রদায়ের বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যাশার সঙ্গে সিদ্ধান্তের মিল থাকে। এই দৃষ্টিভঙ্গি নিয়েই একজন স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাহী পরিষদের কাজে অর্থপূর্ণভাবে যুক্ত থাকা সম্ভব বলে আমি বিশ্বাস করি।


সদস্যদের প্রশ্ন

[সম্পাদনা]

ROCKY-এর প্রশ্ন

[সম্পাদনা]

আপনি উল্লেখ করেছেন, নির্বাহী পরিষদে যুক্ত হওয়ার আপনার কাছে কোনো প্রতিশ্রুতির জায়গা নয়, বরং আপনি শিখতে ও বুঝতে চান। কিন্তু চ্যাপ্টারের সর্বোচ্চ নীতি নির্ধারনী জায়গা হচ্ছে নির্বাহী পরিষদ, যার কাজই হচ্ছে সম্প্রদায়ের আশা-প্রত্যাশা বা প্রতিশ্রুতির বাস্তবায়ন। সেক্ষেত্রে নির্বাচিত হলে কিভাবে একজন ইসি সদস্য হিসেবে নিজের সফলতা পরিমাপ করবেন?--রকি (আলাপ) ১১:৫৩, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]

প্রিয় রকি ভাই, নির্বাহী পরিষদে যুক্ত হওয়ার আগ্রহকে আমি একটি দায়িত্বপূর্ণ ও নীতিনির্ধারণী ভূমিকা হিসেবে দেখি। এখানে আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ, সেই সিদ্ধান্তের পেছনের যুক্তি স্পষ্ট করা এবং তার বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করা।
একজন নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নিজের সফলতা আমি কয়েকটি স্পষ্ট সূচকের মাধ্যমে পরিমাপ করব।
  • প্রথমত, নির্বাহী পরিষদের আলোচনায় সম্প্রদায়ের মতামত, উদ্বেগ ও বাস্তব অভিজ্ঞতাগুলো যথাযথভাবে উপস্থাপিত হয়েছে কি না এবং সেগুলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিফলিত হয়েছে কি না এবং সে বিষয়ে আমি কার্যকর ভূমিকা রাখতে পেরেছি কি না।
  • দ্বিতীয়ত, নির্বাহী পরিষদের গৃহীত সিদ্ধান্ত, তার অগ্রগতি এবং সীমাবদ্ধতা সম্প্রদায়ের কাছে কতটা স্বচ্ছভাবে উপস্থাপিত হয়েছে এবং এই স্বচ্ছতা রক্ষায় আমি ব্যক্তিগতভাবে কতটা দায়বদ্ধ ছিলাম। এটিও আমার কাছে গুরুত্বপূর্ণ মানদণ্ড।
  • তৃতীয়ত, নির্বাহী পরিষদের সদস্য হিসেবে আমি কি কেবল সভা ও নথিতে সীমাবদ্ধ ছিলাম, নাকি সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের প্রশ্ন, প্রস্তাব ও মতভিন্নতাগুলোকে গঠনমূলকভাবে আলোচনায় আনতে পেরেছি। এটাও আমার সফলতার অংশ।
সবশেষে, মেয়াদ শেষে সম্প্রদায় যদি বলতে পারে যে আমি একজন দায়িত্বশীল, জবাবদিহিমূলক এবং উপস্থিত নির্বাহী পরিষদের সদস্য ছিলাম, যার সিদ্ধান্ত ও ভূমিকা বোঝা যেত এবং যার কাছে প্রশ্ন করা যেত। তাহলেই আমি আমার কাজকে সার্থক মনে করব। জনি (আলাপ) ১৩:২১, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]
জনি ভাই, আপনার উত্তরের জন্য ধন্যবাদ ও শুভকামনা। -- রকি (আলাপ) ১৫:৩২, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]

Delwar-এর প্রশ্ন

[সম্পাদনা]

প্রিয় জিল্লুর রহমান ভাই, আপনি আপনার বক্তব্যে নির্বাহী পরিষদে যুক্ত হওয়াকে একটি “শেখা ও বোঝার চলমান প্রক্রিয়া” হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু নির্বাহী পরিষদ মূলত নীতিনির্ধারণ, কৌশল নির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণের একটি দায়িত্বশীল কাঠামো। এই বাস্তবতায়, নির্বাচিত হলে কোন কোন ক্ষেত্রে আপনি নিজেকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ ও কৌশলগত দায়িত্ব পালনের জন্য প্রস্তুত মনে করেন, এবং কোন ক্ষেত্রে শেখার প্রয়োজন থাকলে তা কীভাবে সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত না করে ভারসাম্যপূর্ণভাবে পরিচালনা করবেন?--Delwar (আলাপ) ২৩:৫৯, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]

প্রিয় দেলোয়ার ভাই, নির্বাহী পরিষদকে আমি শেখার জায়গা হিসেবে নয়, বরং একটি দায়িত্বশীল নীতিনির্ধারণী কাঠামো হিসেবেই দেখি। তবে বাস্তবতা হলো, এই ধরনের কাঠামোতে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার জন্য শেখা ও বোঝা একটি চলমান প্রক্রিয়া হিসেবেই থাকে। বিষয়টি শেখা বনাম সিদ্ধান্ত নয়, বরং শেখার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া।
নির্বাচিত হলে কিছু ক্ষেত্রে আমি নিজেকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণ ও কৌশলগত দায়িত্ব পালনের জন্য প্রস্তুত মনে করি। এর মধ্যে রয়েছে, সম্প্রদায়ভিত্তিক কার্যক্রম ও প্রকল্প মূল্যায়ন, আন্তর্জাতিক উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে সমন্বয়, ব্যবহারকারী দল ও সহযোগী কাঠামোর বাস্তব অভিজ্ঞতার আলোকে কৌশলগত আলোচনা, এবং স্বচ্ছতা ও জবাবদিহি সংক্রান্ত সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা রাখা। এসব ক্ষেত্রে আমার পূর্ব অভিজ্ঞতা এবং চলমান সম্পৃক্ততা সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে বলে আমি মনে করি।
একই সঙ্গে আমি সচেতন যে কিছু ক্ষেত্রে, বিশেষ করে আর্থিক ব্যবস্থাপনার নির্দিষ্ট দিক, আইনি বা প্রাতিষ্ঠানিক কিছু প্রক্রিয়ায় আরও গভীরভাবে বোঝার প্রয়োজন থাকতে পারে। তবে সেই শেখা কোনোভাবেই সিদ্ধান্ত গ্রহণকে বিলম্বিত বা দুর্বল করার জন্য নয়। এ ধরনের ক্ষেত্রে আমি বিদ্যমান নীতিমালা, প্রাসঙ্গিক নথি, এবং নির্বাহী পরিষদের অভিজ্ঞ সদস্যদের সঙ্গে পরামর্শের মাধ্যমে দ্রুত ও দায়িত্বশীলভাবে নিজেকে প্রস্তুত রাখার পক্ষে।
আমার কাছে ভারসাম্যটা এখানেই, যেখানে আমি প্রস্তুত, সেখানে দায়িত্ব নিই, আর যেখানে শেখার প্রয়োজন, সেখানে প্রক্রিয়াকে সম্মান রেখে তথ্যভিত্তিক ও পরামর্শনির্ভরভাবে এগোই। এই দৃষ্টিভঙ্গিই নির্বাহী পরিষদের কাজকে শক্তিশালী করে, দুর্বল নয়।
সব মিলিয়ে, নির্বাহী পরিষদে যুক্ত হওয়াকে আমি শেখার অজুহাত হিসেবে নয়, বরং দায়িত্ব পালনের জন্য নিজেকে ক্রমাগত প্রস্তুত রাখার একটি বাস্তব ও প্রয়োজনীয় প্রক্রিয়া হিসেবেই দেখি। জনি (আলাপ) ০১:২৭, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]
@ZI Jony উত্তর দেয়ার জন্য ধন্যবাদ। Delwar (আলাপ) ১২:৫০, ৩০ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]