বিষয়বস্তুতে চলুন

নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬/প্রার্থী/মো. তাহমিদ হোসেন

উইকিমিডিয়া বাংলাদেশ থেকে

মো. তাহমিদ হোসেন
মো. তাহমিদ হোসেন
Md. Tahmid Hossain
সদস্য নম্বর: WMBD-RM-102
সাধারণ সদস্য
Tahmid

প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি

আমি মো. তাহমিদ হোসেন এবং ২০১৭ সাল থেকে আমি উইকিমিডিয়া আন্দোলনের সাথে যুক্ত আছি। বাংলা উইকিপিডিয়ার মাধ্যমে যাত্রা শুরু করলেও দ্রুতই অন্যান্য প্রকল্পসমূহে অবদান রাখতে শুরু করি আমি। বৈশ্বিক সব প্রকল্প মিলিয়ে আমার সম্পাদনাসংখ্যা ৩৫ লাখেরও বেশি। অফলাইনে আমি বেশ কয়েকবছর যাবৎ নিয়মিত নানা আয়োজনে অংশগ্রহণ করছি এবং বর্তমানে রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছি।

প্রার্থী কখনো উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদে দায়িত্ব পালন করেননি।

প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।

অনলাইনে আমি ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত নানা উইকিমিডিয়া প্রকল্প মোট ৩৫ লাখেরও বেশি সম্পাদনা করেছি। উইকিঅভিধানে আমি দুইটি বট পরিচালনা করেছি যার মাধ্যমে অনেক ভুক্তি তৈরি করা হয়েছে এবং ভুক্তির কাঠামো ঠিক করা হয়েছে। লিঙ্গুয়া লিবেরা এবং অন্যান্য টুলস ব্যবহার করে আমি উইকিমিডিয়া কমন্সে ৭৭০০+ উচ্চারণের অডিও রেকর্ড করেছি যা উইকিঅভিধানে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও, অনেকগুলো প্রতিযোগিতায় আমি পর্যালোচক হিসেবে কাজ করেছি।

অফলাইনেও আমি বেশ কয়েকবছর যাবৎ যুক্ত আছি এবং রাজশাহীতে নানা ইভেন্ট আয়োজন করে আসছি। ২০২৪-এর ডিসেম্বর থেকে আমি রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছি।

এছাড়াও আমি গ্ল্যাম প্রকল্পের অধীনে রাজশাহীর বিভিন্ন লাইব্রেরি বই ডিজিটাইজেশনের কাজ করছি এবং খুব শীঘ্রই জাদুঘর ও ফিল্ম আর্কাইভে কাজ শুরু করব। গ্ল্যাম প্রকল্পের অধীনে আমি ৮০টিরও অধিক বই স্ক্যান করেছি যার মোট পৃষ্ঠা সংখ্যা ২২ হাজারেরও বেশি। এই বইগুলো এখন উইকিমিডিয়া কমন্সে এবং উইকিসংকলনে উপলব্ধ এবং আরও বই দ্রুতই আপলোড করা হবে।

প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।

নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে আমি সবাইকে সাথে নিয়ে উইকিমিডিয়া বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও টেকসই সংগঠন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে চাই। এ লক্ষ্যে আমি উইকিমিডিয়ায় আরও নতুন সদস্য আনতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের এবং আর্থিক স্বচ্ছলতা অর্জনের উপরে গুরুত্বারোপ করব।

আমি এখন গ্ল্যাম প্রকল্প নিয়ে কাজ করছি এবং নির্বাহী পরিষদের সদস্য হিসেবে সারাদেশে গ্ল্যামের কার্যক্রম সম্প্রসারণের প্রতি গুরুত্বারোপ করব। কারণ আমি মনে করি গ্ল্যাম বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সংরক্ষণে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এছাড়াও, উইকিমিডিয়া বাংলাদেশকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি সমাজের নীতিনির্ধারণী পর্যায়ের ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগের প্রতি গুরুত্বারোপ করব যেন উইকিমিডিয়া বাংলাদেশের লবিং করার ক্ষমতা (Lobbying power) বাড়ে এবং বাংলাদেশে বিনামূল্যের ও উন্মুক্ত শিক্ষার প্রচার ও প্রসারে (যা উইকিমিডিয়া বাংলাদেশের একটি লক্ষ্য) সংগঠনটি আরও ভালো ভূমিকা রাখতে পারে।


সদস্যদের প্রশ্ন

[সম্পাদনা]

ROCKY-এর প্রশ্ন

[সম্পাদনা]

আপনি উইকিমিডিয়া বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও টেকসই সংগঠন হিসেবে গড়ে তুলতে নতুন কোন উদ্যোগ নিবেন কি? সেরকম কোন উদ্যোগের পরিকল্পনা থাকলে সেগুলো সম্পর্কে সংক্ষেপে জানতে চাই।

উইকিমিডিয়ায় নতুন সদস্য আনতে কি উদ্যোগ নেয়া যেতে পারে বলে করেন এবং আর্থিক স্বচ্ছলতা অর্জনের জন্য কি পদক্ষেপ নিবেন?

সমাজের নীতিনির্ধারণী পর্যায় কাজ করা বা গণ্যমান্য ব্যক্তিদের সাথে যোগাযোগের উন্নতির জন্য আপনি কি ধরণের উদ্যোগ গ্রহণ করতে চান বা আপনার পরিকল্পনা কি?

@ROCKY ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। উইকিমিডিয়া বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল ও টেকসই সংগঠন হিসেবে গড়ে তুলতে বর্তমান কার্যকর উদ্যোগসমূহ চালু রাখার পাশাপাশি কিছু নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা আমার রয়েছে।
আমি সংগঠনের মানবসম্পদ উন্নয়নের উপর গুরুত্ব দেব। এর অংশ হিসেবে নানা সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত আউটরিচ কার্যক্রম, কর্মশালা ও পরিচিতিমূলক সেশন আয়োজনের মাধ্যমে তরুণদের উইকিমিডিয়ার সাথে যুক্ত করার উদ্যোগ নেয়া যেতে পারে। বিশেষ করে গবেষণা, ইতিহাস, সংস্কৃতি, প্রযুক্তি ও গণযোগাযোগ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের টার্গেট করে একটি কাঠামোবদ্ধ মেম্বারশিপ ও মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা যেতে পারে, যাতে নতুন সদস্যরা দীর্ঘমেয়াদে সক্রিয় থাকেন। পাশাপাশি, তাদের লিডারশিপ ট্রেইনিং দেওয়া প্রয়োজন যাতে তারা ভবিষ্যতে বাংলাদেশে এমনকি আন্তর্জাতিক পর্যায়েও উইকিমিডিয়া আন্দোলনে নেতৃত্ব দিতে পারে।
আর্থিক স্বচ্ছলতা অর্জনের ক্ষেত্রে সংগঠনের অর্থ সংগ্রহের উৎস বহুমুখীকরণের উপর জোর দেওয়া জরুরি বলে আমি মনে করি। বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশের অর্থের উৎস হলো উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাপোর্ট ফান্ড/গ্রান্ট এবং উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যদের বার্ষিক ফি। কিন্তু আমরা জানি সামগ্রিক উইকিমিডিয়া আন্দোলন চলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া অনুদানের উপর ভিত্তি করে। কিন্তু বাংলাদেশে অনুদান সংগ্রহের ব্যাপারে উইকিমিডিয়া বাংলাদেশ এখন পর্যন্ত বড় পরিসরে কোনো উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নেই।
আমার পরিকল্পনা হলো, দেশব্যাপী অনুদান সংগ্রহের জন্য প্রচারণা চালানো এবং অনুদান প্রদান প্রক্রিয়া সহজীকরণ করা। পাশাপাশি, বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক দাতা সংস্থা এবং শিক্ষা ও সংস্কৃতিভিত্তিক ফাউন্ডেশন সাথে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা যেন তাদের অনুদান বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) তহবিলের অংশ তারা উইকিমিডিয়া বাংলাদেশকে প্রদান করে। পাশাপাশি, গ্ল্যাম প্রকল্প, প্রশিক্ষণ কার্যক্রম ও গবেষণাভিত্তিক উদ্যোগের মাধ্যমে প্রজেক্ট-ভিত্তিক ফান্ডিং সংগ্রহ এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে দাতাদের আস্থা বৃদ্ধি করা সম্ভব। একটি শক্তিশালী ফান্ডরেইজিং ও পার্টনারশিপ কমিটি গঠন এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।
আমি শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি ও আর্কাইভিং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় প্রশাসন, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মিডিয়া ব্যক্তিদের সাথে নিয়মিত সংলাপ ও মতবিনিময় সভা আয়োজন করার প্রতি গুরুত্বপূর্ণ দেবো। এর মাধ্যমে উইকিমিডিয়া বাংলাদেশের লক্ষ্য, কার্যক্রম ও বিনামূল্যের জ্ঞান প্রসারে এর ভূমিকা তুলে ধরা সম্ভব হবে। এতে সংগঠনের লবিং সক্ষমতা বৃদ্ধি পাবে এবং নীতিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সহযোগিতা পাওয়ার সুযোগ তৈরি হবে।
সামগ্রিকভাবে, পরিকল্পিত মানবসম্পদ উন্নয়ন, টেকসই অর্থায়ন কাঠামো এবং কার্যকর নেটওয়ার্কিংয়ের মাধ্যমে উইকিমিডিয়া বাংলাদেশকে একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও দীর্ঘমেয়াদি প্রভাবসম্পন্ন সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য আমি কাজ করতে চাই। –– তাহমিদ (আলাপ) ১৩:৫৪, ৩১ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]
@Tahmid, বিস্তারিত ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ, আগামীর জন্য শুভকামনা রইলো। -- রকি (আলাপ) ২২:১৭, ৩১ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]