নির্বাহী পরিষদের সদস্য নির্বাচন ২০২৬/প্রার্থী/মহীন রীয়াদ
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
আমি মহীন রীয়াদ, ২০১০ সাল থেকে উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত আছি। উইকিপিডিয়া, উইকিভ্রমণ ও উইকিমিডিয়া কমন্সে নিয়মিত অবদান রাখার পাশাপাশি উইকিমিডিয়ার অন্যান্য প্রকল্পেও কাজ করছি। বর্তমানে আমি উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের ২০২৪–২০২৫ মেয়াদের একজন সদস্য এবং একই মেয়াদে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি।
এছাড়াও আমি বাংলা উইকিপিডিয়া, বাংলা উইকিভ্রমণ ও উইকিমিডিয়া কমন্সের একজন প্রশাসক। অনউইকিতে আমার ১২০০-এর অধিক নিবন্ধ রচনার পাশাপাশি প্রায় ২,৫০,০০০ হাজারের অধিক সম্পাদনা রয়েছে। পাশাপাশি আমি উইকিমিডিয়া স্বেচ্ছাসেবক প্রতিক্রিয়া দলের (ভিআরটি) সদস্য। পূর্বে বৈশ্বিক নাম পরিবর্তনকারী দলের এবং ২০২১–২০২২ মেয়াদে ন্যায়পাল কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০১৪ সালে উইকিমিডিয়া বাংলাদেশের সর্বপ্রথম আঞ্চলিক সম্প্রদায় হিসেবে চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় গঠনে উদ্যোগী ভূমিকা পালন করি এবং অদ্যাবধি উক্ত সম্প্রদায়ের সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
আমি উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের সঙ্গে প্রায় এক যুগের বেশি সময় ধরে অনলাইন ও অফলাইন—উভয় পর্যায়েই সক্রিয়ভাবে যুক্ত আছি এবং বিভিন্ন সময়ে দায়িত্বশীল ও নেতৃত্বমূলক ভূমিকা পালন করে আসছি।
আমি ২০১৬–২০১৮, ২০১৮–২০২০, ২০২০–২০২১, ২০২২–২০২৩ এবং ২০২৪–২০২৫ মেয়াদে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। এসব মেয়াদে সংগঠনের নীতিনির্ধারণ, বার্ষিক পরিকল্পনা প্রণয়ন, কার্যক্রম বাস্তবায়ন এবং অনলাইন ও অফলাইন উদ্যোগ পরিচালনায় সক্রিয় অবদান রেখেছি। এছাড়াও ২০১৫ সালে গঠিত উইকিমিডিয়া বাংলাদেশের প্রথম কার্যনির্বাহী পরিষদের পরিকল্পনা ও আউটরিচ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করি, যেখানে সংগঠনের প্রাথমিক কাঠামো গঠন, আউটরিচ কার্যক্রম সম্প্রসারণ এবং স্বেচ্ছাসেবক সম্পৃক্ততায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে আমি বিভিন্ন উইকিমিডিয়া কর্মশালা আয়োজন ও পরিচালনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। এর মধ্যে কক্সবাজারে প্রথমবারের মতো আয়োজিত উইকি লিডার্স ট্রেনিং ২০২৫-এর মূল আয়োজক দলের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়াও কুষ্টিয়ায় আয়োজিত দুই দিনব্যাপী উইকিমিডিয়া প্রশিক্ষণ কর্মশালায় আয়োজক দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। পাশাপাশি বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত উইকিপিডিয়া স্কলার নামে বার্ষিক কুইজ প্রতিযোগিতার মূল আয়োজক দলের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।
পাশাপাশি আমি উইকিমিডিয়া বাংলাদেশের অধীনে একাধিক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজন ও সমন্বয়ের সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে উইকি লাভস মনুমেন্টস বাংলাদেশ (২০১৬–২০২০) এবং উইকি লাভস আর্থ বাংলাদেশ (২০১৭–২০২০) উল্লেখযোগ্য, যা বাংলাদেশে মুক্ত জ্ঞানভিত্তিক চিত্রসংগ্রহ সমৃদ্ধকরণ এবং নতুন স্বেচ্ছাসেবক যুক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়াও বর্তমানে বাংলার প্রেমে উইকি আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতার প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছি।
সাম্প্রতিক বছরগুলোতে প্রথমবারের মত আয়োজিত বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর মূল আয়োজক দলের একজন সদস্য ছিলাম। পাশাপাশি উইকিমিডিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া সম্প্রদায়ের যৌথ উদ্যোগে গঠিত বাংলা উইকিমৈত্রীর অধীনে পরিচালিত বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচির সঙ্গে প্রতিষ্ঠালগ্ন সময় থেকে সক্রিয়ভাবে যুক্ত আছি।
এছাড়াও ২০২৪ সাল থেকে উইকিমিডিয়া বাংলাদেশের বার্ষিক কর্মপরিকল্পনা ও বার্ষিক কার্যবিবরণী আরও গঠনমূলক, পরিসংখ্যানমূলক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে নীতিগত ও নকশাগত পরিকল্পনা প্রণয়নে আমি সক্রিয়ভাবে কাজ করে আসছি।
সার্বিকভাবে, নীতিনির্ধারণ, সংগঠন পরিচালনা, আউটরিচ কার্যক্রম এবং আন্তর্জাতিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমি উইকিমিডিয়া বাংলাদেশ এবং দেশের উইকিমিডিয়া আন্দোলনকে সুসংহত, অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হলে আমি উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনকে আরও সুসংহত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করার লক্ষ্যে কয়েকটি কৌশলগত ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।
প্রথমত, সম্প্রদায়ভিত্তিক সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দিতে জেলা পর্যায়ে উইকিপিডিয়ার প্রশিক্ষণ কার্যক্রম তরান্বিত করার ক্ষেত্রে কাজ করবো। ইতোমধ্যে এই উদ্দেশ্যে সমমনা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কাজ করার উদ্দেশ্যে কিছু কর্মপরিকল্পনা গৃহীত হয়েছে। নতুন ও বিদ্যমান স্বেচ্ছাসেবকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শভিত্তিক সম্পাদনা কর্মসূচি এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে দীর্ঘমেয়াদি নেতৃত্ব বিকাশে গুরুত্ব দেওয়া হবে।
দ্বিতীয়ত, কনটেন্টের গুণগত মান ও বৈচিত্র্য বৃদ্ধি আমার একটি প্রধান লক্ষ্য। বরাবরের মত বাংলাদেশভিত্তিক ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, জীববৈচিত্র্য এবং সম্পর্কিত বিষয় নিয়ে উচ্চমানের তথ্য ও মুক্ত চিত্রসংগ্রহ সমৃদ্ধ করতে কাঠামোবদ্ধ কনটেন্ট ক্যাম্পেইন, এডিটাথন, ও প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তৃতীয়ত, গ্ল্যাম ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব সম্প্রসারণকে আরও জোরদার করতে চাই। জাদুঘর, আর্কাইভ, গ্রন্থাগার, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তুলে নির্ভরযোগ্য উৎস ও মুক্ত লাইসেন্সভিত্তিক উপকরণ সংরক্ষণ ও প্রকাশের লক্ষ্যে ইতোমধ্যে গৃহীত ও চলমান উদ্যোগগুলোকে কার্যকরভাবে এগিয়ে নেব। পাশাপাশি এসব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে তা আরও গতিশীল ও বিস্তৃত করার জন্য সক্রিয়ভাবে কাজ করব।
চতুর্থত, তরুণ ও নতুন স্বেচ্ছাসেবক সম্পৃক্ততা বাড়ানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যক্রম, শিক্ষার্থী-কেন্দ্রিক কর্মশালা এবং অনলাইন-অফলাইন হাইব্রিড উদ্যোগ গ্রহণ করব, যাতে নতুন প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকে।
পঞ্চমত, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও সুশাসন জোরদারে আমি সক্রিয় ভূমিকা রাখতে চাই। আর্থিক স্বচ্ছতা, নীতিমালা অনুসরণ, কার্যক্রমের যথাযথ নথিবদ্ধকরণ এবং সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও জবাবদিহি নিশ্চিত করতে কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার পক্ষে কাজ করব। পাশাপাশি উইকিমিডিয়া বাংলাদেশের বর্তমান সদস্যপদ প্রক্রিয়াকে আরও সহজ, অন্তর্ভুক্তিমূলক ও ব্যবহারবান্ধব করতে বিকল্প, আধুনিক ও গতিশীল পদক্ষেপ গ্রহণে আগ্রহী।
সবশেষে, আমি বিশ্বাস করি—অভিজ্ঞতা, সম্প্রদায়ভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা সমন্বয়ের মাধ্যমে উইকিমিডিয়া বাংলাদেশকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অধ্যায় হিসেবে এগিয়ে নেওয়া সম্ভব। নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হলে সেই লক্ষ্য বাস্তবায়নে বিগত বছরগুলির মতোনই আমি দায়বদ্ধতার সঙ্গে কাজ করব।
