তানভির রহমান
তানভির রহমানTanvir Rahman
সদস্য নম্বর:
WMBD-FM-004প্রতিষ্ঠাতা সদস্য
Wikitanvir
প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
২০০৯ সালে বাংলা উইকিপিডিয়ায় যোগদানের মাধ্যমে আমি উইকিমিডিয়া আন্দোলনের সাথে যুক্ত হই। বর্তমানে বাংলা উইকিপিডিয়া, কমন্সসহ কয়েকটি প্রকল্পে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও পূর্বে বৈশ্বিক উইকিমিডিয়া প্রকল্পের বৈশ্বিক প্রশাসক এবং স্টুয়ার্ড হিসেবেও দায়িত্ব পালন করেছি। উইকিমিডিয়া বাংলাদেশের শুরু থেকেই আমি এর সাথে জড়িত এবং সংগঠনটির গোড়াপত্তনের অন্যতম উদ্যোক্তা। ২০১৩ থেকে জার্মানিতে বসবাস করছি এবং অনলাইনে উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্প ও উইকিমিডিয়া বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত।

প্রার্থী পূর্বে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রশ্ন: উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনে অনলাইন ও অফলাইনে আপনি অতীতে এবং বর্তমানে কী কী ভূমিকা পালন করেছেন? পূর্বে কোনো দায়িত্ব বা নেতৃত্বমূলক অবস্থান থাকলে তা উল্লেখ করুন।
আমি উইকিমিডিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত, এবং ২০২০–২১ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। এছাড়া মার্চ ২০২৫ থেকে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা উইপিডিয়ানদের সাথে সংঘবদ্ধ করে উইকিমিডিয়া বাংলাদেশের গোড়াপত্তন এবং পরবর্তীতে উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক এর চ্যাপ্টার হিসেবে অনুমোদন লাভ করাসহ বাংলাদেশের আইনী কাঠামোতে সংগঠনের নিবন্ধনের জন্য প্রয়োজনী কাজ দায়িত্ব নিয়ে সম্পন্ন করা ছিলো আমার প্রথম নেতৃত্বমূলক অবস্থান। এছাড়াও বৈশ্বিক উইকিমিডিয়া আন্দোলনে সংগঠনকে প্রতিনিধিত্ব করা, সংগঠনের কাজ তুলে ধরা ও সংগঠনের আন্তর্জাতিক পরিচিতি তৈরির পাশাপাশি অন্যান্য উইকিমিডিয়া অ্যাফিলিয়েটদের সাথে সম্পর্কন্নোয়নের কাজেও করেছি। সে সময় বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন কার্যক্রম পরিকল্পনা, পরিচালনাসহ গণমাধ্যমে উইকিপিডিয়া প্রসঙ্গে কথা বলার সুযোগও হয়েছে। বিগত কয়েক বছর ধরে বিদেশে থেকেও উইকিমিডিয়া বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ হয়েছে। নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাহী পরিষদের অভ্যন্তরীণ ও তৃতীয় পক্ষের সাথে অনুষ্ঠিত অনলাইন মিটিং ও ই-মেইল যোগাযোগে সক্রিয়ভাবে অংশ নিয়ে কৌশলগত ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছি। উইকিমিডিয়া বাংলাদেশের সদস্যপদ ব্যবস্থাপনা, ডকুমেন্টেশন তৈরি ও বাস্তবায়নে আমার সক্রিয় অংশগ্রহণ আছে। উইকিমিডিয়া বাংলাদেশের বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অর্থায়নের ও বাস্তবায়নের উদ্দেশ্যে গ্র্যান্ট আবেদন তৈরি, গ্রহণ, বণ্টন, ও গ্র্যান্টি হিসেবেও দায়িত্ব পালন করেছি। বিদেশে থাকায় অফলাইন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সীমিত হলেও গত বছর অনুষ্ঠিত হওয়া বাংলা উইকি সম্মেলনের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছি, এবং পরবর্তীতে সম্মেলনে যোগদানের সময় দেশ-বিদেশের উইকিমিডিয়ানদের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে।
প্রশ্ন: নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হলে উইকিমিডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশে উইকিমিডিয়া আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে আপনি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম, উদ্যোগ বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তা ব্যাখ্যা করুন।
নির্বাহী পরিষদ ও সার্বিকভাবে উইকিমিডিয়া বাংলাদেশ বর্তমানে একটি ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে যেটি সম্পর্কে উইকিমিডিয়া বাংলাদেশের অনেক সদস্যই ওয়াকিবহাল নন। উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের কাজের ক্ষেত্র বিগত কয়েক মাসে অনেকটাই পরিবর্তন হয়েছে। বর্তমানে উইকিমিডিয়া বাংলাদেশের নিজস্ব বেতনভুক্ত কর্মী বাহিনী রয়েছে যাঁরা শুধুমাত্র পূর্ণকালীন সময় দিতে পারছেন তাই নয়, বরং পেশাদারিত্বের সাথে সফলভাবে কার্যক্রমগুলো পরিকল্পনা ও পরিচালনাও করছেন। নির্বাহী পরিষদকে তাই আগের মতো এক হাতে সবকিছু সামলাতে হয় না। কিন্তু এর মাধ্যমে নির্বাহী পরিষদের কাজের গুরুত্ব কমেনি বরং উচ্চতর দায় হিসেবে সংগঠনের কৌশলগত নীতি নির্ধারণ, কর্মী ও স্বেচ্ছাসেবকদের জন্য রিসোর্স সরবরাহ নিশ্চিতকরণ, সার্বিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি বজায় রাখাসহ বিভিন্ন গুরু দায়িত্ব পালন করতে হচ্ছে ও হবে। আমি মনে করি গত ১৪ বছরের বেশি সময়ে যে অভিজ্ঞতা ও আস্থা অর্জন করেছি সেটি এই কাজগুলো সহজ করতে ভূমিকা রাখবে। ব্যক্তিগতভাবে আমি উইকিমিডিয়া বাংলাদেশের ডকুমেন্টেশন ও কর্মপদ্ধতি প্রমিতকরণে কাজ করতে বিশেষভাবে আগ্রহী যার মধ্যে রয়েছে এসওপি তৈরি ও বাস্তবায়ন, বাহ্যিক যোগাযোগের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি, এবং এজন্য প্রয়োজনীয় কারিগরী সক্ষমতা তৈরিতে কাজ করা। ঐতিহাসিকভাবে উইকিমিডিয়া বাংলাদেশের নির্বাহী পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য সক্রিয় উইকিমিডিয়ান হওয়ায় এই প্রতিষ্ঠানে উইকিমিডিয়া সংস্কৃতির প্রভাব প্রবল। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো এই সংস্কৃতির অন্যতম অংশ। তাই প্রথমে যেটা বলেছি সেটার সূত্র ধরে বলতে চাই যে, সদস্যদের উইকিমিডিয়া বাংলাদেশের চলমান কার্যক্রম সম্পর্কে নিয়মিত অবহিত করার পাশাপাশি, আগ্রহী সদস্যদেরকে বিভিন্ন কার্যক্রম ও সিদ্ধান্তে যতোটা সম্ভব সংযুক্ত করার চেষ্টা থাকবে।
আপনি উল্লেখ করেছেন, সার্বিকভাবে উইকিমিডিয়া বাংলাদেশ বর্তমানে একটি ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে যেটি সম্পর্কে উইকিমিডিয়া বাংলাদেশের অনেক সদস্যই ওয়াকিবহাল নন। ভবিষ্যতে চ্যাপ্টারের কার্যক্রম সম্পর্কে সদস্যগণ যেন ওয়াকিবহাল থাকে সে জন্য আপনি কি উদ্যোগ গ্রহণ করবেন বা করা উচিত বলে মনে করেন?
এছাড়া ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো প্রতিষ্ঠা করতে বা জোড়দার করতে ভবিষ্যতে কি ধরণের উদ্যোগ নেয়া উচিত বলে মনে করেন?--রকি (আলাপ) ১১:৫০, ২৯ ডিসেম্বর ২০২৫ (বিএসটি)[উত্তর দিন]
- প্রশ্নের জন্য এবং আমার মনোনয়ন বার্তার গুরুত্বপূর্ণ দুইটি বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আমি দুইটি বিষয়ের উত্তর আলাদাভাবে দেওয়ার চেষ্টা করছি।
- সদস্যদের ওয়াকিবহাল রাখতে সম্ভাব্য উদ্যোগ:
- উইকিমিডিয়া বাংলাদেশ যে সাংগঠনিক ও কৌশলগত ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে, সে সম্পর্কে সদস্যদের অবহিত রাখা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। সদস্যদের ওয়াকিবহাল রাখতে সম্ভাব্য যে উদ্যোগগুলোা নেওয়ার পরিকল্পনা আছে তার মধ্যে আছে, নিয়মিত ও স্বচ্ছ যোগাযোগ, নিয়মিত একটি সময় পর পর সংগঠনের কার্যক্রমের আপডেট প্রকাশ করা। এই কাজগুলো করার জন্য সদস্যদের ই-মেইল লিস্ট ও উইকিমিডিয়া বাংলাদেশের পাবলিক উইকি ব্যবহার করার পরিকল্পনা আছে। সদস্যদের আগ্রহের ভিত্তিতে একটি সময় পর পর কল আয়োজনের ইচ্ছাও রয়েছে। সম্মানিত সদস্যবৃন্দের প্রতিও এ বিষয়ে আমার একটি বার্তা আছে। আমাদের বিভিন্ন কলে দেখা যায় সদস্যবৃন্দ প্রায় সময়-ই সেভাবে অংশ নেন না, বরং নির্বাহী পরিষদের সদস্যবৃন্দই মূলত কথা বলে যান, এটি পরিবর্তন হওয়া উচিৎ বলে মনে করি। নির্বাহী পরিষদের যেমন উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে হবে, সেই সাথে সদস্যদেরও সচেতনভাবে ও সাহসী হয়ে সামনে এগিয়ে আসতে হবে।
- ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো জোরদারে সম্ভাব্য উদ্যোগ:
- উইকিমিডিয়া বাংলাদেশ সবসময়-ই ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো জোরদারে বিশ্বাসী। এই বিশ্বাসের সূত্র ধরে নেওয়া অনেকগুলো উদ্যোগের মধ্যে আঞ্চলিক সম্প্রদায় গঠনের উদ্যোগ একটি। আঞ্চলিক সম্প্রদায়গুলোর আগ্রহের ভিত্তিতে উইকিমিডিয়া বাংলাদেশের পরিকল্পনা ও বাস্তবায়নের কাজগুলোতে আঞ্চলিক সম্প্রদায়কে কার্যকরভাবে সংশ্লিষ্ট করার ইচ্ছা রয়েছে। প্রয়োজন অনুসারে কিছু ক্ষেত্রে এই মডেল সদস্যদের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। নির্বাহী পরিষদ ও অন্যান্য কমিটি বা গ্রুপের কাজের জন্য নিয়মিত সক্রিয়তা ও/বা কর্মক্ষমতা মূল্যায়ন ও এ সংক্রান্ত প্রতিবেদন তৈরির ব্যবস্থা চালু করার ইচ্ছা আছে। এছাড়া উইকিমিডিয়া বাংলাদেশের পরিসর বড় হওয়ায় নানা ধরনের মতামত দেওয়া ও গঠনমূলক সমালোচনা করার জন্য নিরাপদ, নিরপেক্ষ ও কার্যকর পদ্ধতি তৈরি করার ইচ্ছা আছে।
- সার্বিকভাবে, স্বচ্ছ যোগাযোগ, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার মাধ্যমেই এই ট্রানজিশনকে সদস্যবান্ধব ও টেকসই করা সম্ভব বলে আমি মনে করি। তানভির ২০:২১, ৬ জানুয়ারি ২০২৬ (বিএসটি)[উত্তর দিন]
- @Wikitanvir উত্তরের জন্য ধন্যবাদ ভাই। আপনার জন্য শুভ কামনা রইলো। -- রকি (আলাপ) ২১:১০, ৬ জানুয়ারি ২০২৬ (বিএসটি)[উত্তর দিন]