কার্যক্রম:উইকিপিডিয়া কর্মশালা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রোফেশনাল ট্রেইনিং ইন্সটিটিউট
উইকিপিডিয়া কর্মশালা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রোফেশনাল ট্রেইনিং ইন্সটিটিউট
— অফলাইনে আয়োজিত একটি কর্মশালা —
তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬
সময়: ১১:১৫–১২:৩০ বিএসটি
স্থান: ড্যাফোডিল প্লাজা,, ঢাকা
হ্যাশট্যাগ
#WMBD #WikimediaBD
- উইকিমিডিয়া বাংলাদেশ
উইকিমিডিয়া বাংলাদেশ, ঢাকা উইকিমিডিয়া সম্প্রদায় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রোফেশনাল ট্রেইনিং ইন্সটিটিউটের উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রোফেশনাল ট্রেইনিং ইন্সটিটিউটের একটি সেমিনার কক্ষে বাংলা উইকিপিডিয়া বিষয়ক একটি কর্মশালা আয়োজিত হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রোফেশনাল ট্রেইনিং ইন্সটিটিউটের বিভিন্ন খণ্ডকালীন কোর্সের শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন।
বিবরণ
[সম্পাদনা]এই প্রোগ্রামটি আয়োজনের উদ্দেশ্য ছিল প্রযুক্তির সাথে জড়িত বিভিন্ন প্রোফেশনাল কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের উইকিপিডিয়া সম্পর্কে ধারণা দেওয়া এবং উইকিপিডিয়ায় অবদানের ব্যাপারে উৎসাহী করা। প্রোগ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ড্যাফোডিল শিক্ষা পরিবারের সাথে সম্ভাব্য কৌশলগত পার্টনারশিপের ব্যাপারে আলোচনা করা।
কর্মশালা
[সম্পাদনা]কর্মশালাটি শুরু হয় সকাল ১১ টা ১৫ মিনিটে। শুরুতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রোফেশনাল ট্রেইনিং ইন্সটিটিউটের পক্ষ থেকে আয়োজক আল-আমিন শুভেচ্ছা বক্তব্য ও উইকিমিডিয়া বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেন। এরপর উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্য উইকিপিডিয়ায় অবদান রাখার গুরুত্ব তুলে ধরেন।
এরপরে ইয়াহিয়া কর্মশালার মূল সেশন উপস্থাপন করেন। তিনি যেসব বিষয় নিয়ে আলোচনা করেন তা নিচে তুলে ধরা হলো-
- আলোচনার বিষয়
- বাংলা উইকিপিডিয়া পরিচিতি, সম্পাদনার নিয়মাবলি এবং মাতৃভাষায় মুক্তজ্ঞানের প্রসার।
- ১. প্রারম্ভিক আলোচনা
কর্মশালার শুরুতে উইকিপিডিয়াকে বিশ্বের সর্ববৃহৎ অনলাইন বিশ্বকোষ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। বর্তমানে ৩০০টিরও বেশি ভাষায় এর প্রায় সাড়ে ছয় কোটি নিবন্ধ রয়েছে এবং শুধু ইংরেজি উইকিপিডিয়াতেই প্রতিমাসে ৯৮ কোটির বেশি স্বতন্ত্র ভিজিট হয়। এ পর্যায়ে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসের লক্ষ্য— "সকল মানুষের জন্য সমস্ত জ্ঞানে অবাধ প্রবেশাধিকার" নিশ্চিত করার বিষয়টি তুলে ধরা হয়।
- ২. উইকিমিডিয়া ও এর কার্যক্রম
'উইকি' প্রযুক্তি এবং 'উইকিপিডিয়া' বিশ্বকোষের মধ্যকার পার্থক্য স্পষ্টভাবে বুঝিয়ে বলা হয়। উইকিপিডিয়া যে সাধারণ মানুষের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম এবং এটি 'উইকিমিডিয়া ফাউন্ডেশন' দ্বারা পরিচালিত হয়, তা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, ২০১০ সালে কাজ শুরু করা এবং ২০১১ সালের ৩রা অক্টোবর অনুমোদন লাভ করা 'উইকিমিডিয়া বাংলাদেশ'-এর কার্যক্রম সম্পর্কে সবাইকে অবগত করা হয়। উইকিপিডিয়ার পাশাপাশি বাংলা ভাষার অন্যান্য সহপ্রকল্প যেমন— উইকিঅভিধান, উইকিবই, উইকিসংকলন, উইকিভ্রমণ এবং উইকিউক্তি নিয়ে আলোচনা হয়।
- ৩. বাংলা উইকিপিডিয়ার বর্তমান চিত্র
২০০৪ সালের ২৭ জানুয়ারি শুরু হওয়া বাংলা উইকিপিডিয়ার বর্তমান পরিসংখ্যান তুলে ধরা হয়। জানানো হয় যে, বর্তমানে বাংলা উইকিপিডিয়ায় ১,৮০,৬১৪টির বেশি নিবন্ধ রয়েছে এবং নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৫,২০,৪৯৪ ছাড়িয়েছে। ২৫০৩ জনের বেশি সক্রিয় ব্যবহারকারী প্রতিদিন গড়ে ২২১৭টি সম্পাদনা করছেন এবং ২০২৫ সালে মোট ভিজিট ছিল প্রায় ৪৩ কোটি। এছাড়া বাংলা ও ইংরেজি উইকিপিডিয়ার একটি তুলনামূলক চিত্রও উপস্থাপন করা হয়।
- ৪. উইকিপিডিয়ার মূলনীতি ও অবদানের নিয়ম
উইকিপিডিয়ায় কাজ করার ক্ষেত্রে এর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যেমন— মুক্ত লাইসেন্সের অধীন হওয়া, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখা, তথ্যের নির্ভরযোগ্যতা ও যাচাইযোগ্যতার ওপর বিশেষ জোর দেওয়া হয়। নতুনদের অবদানের ক্ষেত্রে ৪টি গুরুত্বপূর্ণ নিয়ম স্মরণ করিয়ে দেওয়া হয়:
- কোনো ওয়েবসাইট থেকে লেখা কপি-পেস্ট করা যাবে না।
- বিষয়ের বিশ্বকোষীয় উল্লেখযোগ্যতা থাকতে হবে।
- তথ্য অবশ্যই যাচাইযোগ্য হতে হবে।
- আবেগ পরিহার করে শুধুমাত্র তথ্যবহুল বিষয় যুক্ত করতে হবে।
- ৫. কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও উইকিপিডিয়া
বর্তমান প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) তৈরিতে উইকিপিডিয়া কীভাবে ভূমিকা রাখছে, সে বিষয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করা হয়। মাতৃভাষাকে এআই-এর যুগে আরও উন্নত ও নির্ভুল করতে বাংলা উইকিপিডিয়ায় অবদানের গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।
- ৬. সমাপনী ও দিকনির্দেশনা
কর্মশালার শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় লিংক, টিউটোরিয়াল এবং যোগাযোগের ঠিকানা (ইমেইল ও সামাজিক মাধ্যমের লিংক) সরবরাহ করা হয়। উপস্থিত সবাইকে ভাষার মাসে নিজ উদ্যোগে মাতৃভাষায় জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করার আহ্বান জানিয়ে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
DIPTI-র নির্বাহী পরিচালকের সাথে মিটিং
[সম্পাদনা]কর্মশালা শেষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রোফেশনাল ট্রেইনিং ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর কে এম হাসান রিপনের সাথে সম্ভাব্য পার্টনারশিপ ও এই ইন্সটিটিউট ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কারিকুলামে উইকিপিডিয়ার অন্তর্ভুক্তি নিয়ে বিশদ আলোচনা হয়। উইকিপিডিয়া এডুকেশন প্রোগ্রামের ব্যাপারে তাকে বিস্তারিত বুঝিয়ে বলা হয়। তিনি তার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের ক্লাসের অংশ হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশকে একটি অনলাইন সেশন নেওয়ার আমন্ত্রণ জানান। ইন্সটিটিউটের প্রতি কোর্সে উইকিপিডিয়া সম্পর্কিত একটি ক্লাস রাখার প্রস্তাব দেওয়া হলে তিনি তাতে পজিটিভ রিয়্যাকশন দেন।
প্রশিক্ষক
[সম্পাদনা]চিত্রশালা
[সম্পাদনা]এই কার্যক্রমের আরও ছবি দেখুন উইকিমিডিয়া কমন্সের এই বিষয়শ্রেণীতে।