উইকিমিডিয়া বিষয়ক কর্মশালা আয়োজনের নির্দেশিকা
নতুনদের উইকিমিডিয়া প্রকল্প সম্পর্কে অবহিতকরণ, ব্যবহার, সম্পাদনা বা অবদান রাখার প্রক্রিয়া সম্পর্কে আগ্রহীদের সচেতন করে তোলার জন্য কর্মশালা আয়োজন করা বেশ কার্যকরী হতে পারে। এই নির্দেশিকায় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটি কার্যকরী কর্মশালা আয়োজনের জন্য করণীয় বিষয়সমূহ ধাপে ধাপে ব্যাখ্যা করার প্রয়াস নেয়া হয়েছে।
কর্মশালা আয়োজনের কাজের ধাপগুলোকে আমরা প্রধানত তিনটি ধাপ এবং আরও কিছু উপ-ধাপে ভাগ করতে পারি। প্রধান তিনটি ধাপ হচ্ছে - ১. কর্মশালার পূর্ব-প্রস্তুতি ও বিস্তারিত পরিকল্পনা ২. কর্মশালা পরিচালনা এবং ৩. কর্মশালা পরবর্তী কার্যাবলি।
১। কর্মশালার পূর্ব-প্রস্তুতি ও বিস্তারিত পরিকল্পনা
[সম্পাদনা]কর্মশালার পূর্বে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ এবং বিস্তারিত পরিকল্পনা গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। মূলত যথাযথ পূর্ব-প্রস্তুতির উপর কর্মশালার সাফল্যের সিংহভাগ নির্ভর করে। কর্মশালার জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে নিচের বিষয়াবলির উপর গুরুত্ব দেয়া প্রয়োজন।
১.১ লক্ষ্য নির্ধারণ
[সম্পাদনা]কর্মশালার লক্ষ্য কী হবে তা নির্ধারণ করুন। এটি হতে পারে:
- উইকিপিডিয়ায় কীভাবে অবদান রাখা যায় তা শেখানো।
- নতুন ব্যবহারকারীদের উইকিপিডিয়া ব্যবহার শেখানো।
- উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশিকা ব্যাখ্যা করা।
- নির্দিষ্ট বিষয়ের উপর নিবন্ধ তৈরি ও সম্পাদনা শেখানো।
মোদ্দাকথা, কী অর্জন করতে চান তা ঠিক করুন। অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া সম্পর্কে জানাতে চান, নাকি তাদেরকে নির্দিষ্ট কোন বিষয়ের সম্পাদনা করতে শিখাতে চান? আপনার লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করুন।
সর্তকতা: সময়ের সীমাবদ্ধতার কারণে একটি কর্মশালায় সকল বিষয় শেখানো সম্ভব হয় না। তাই বরাদ্দ সময়ের মধ্যে সুনির্দিষ্ট কিছু বিষয় নির্ধারণ করাই শ্রেয়।
১.২ দল গঠন, ভেন্যু নির্ধারণ ও সময় নির্ধারণ
[সম্পাদনা]- দল গঠন: স্বেচ্ছাসেবী, শিক্ষক, উইকিপিডিয়ার অভিজ্ঞ ব্যবহারকারীদের সাথে একটি দল গঠন করুন।
- স্থান নির্ধারণ: যেস্থানে কর্মশালাটি করা হবে সেস্থানে নিন্মোক্ত বিষয়গুলো নিশ্চিত হবে -
- আসন
- ইন্টারনেট
- প্রজেক্টর
- সাউন্ড সিস্টেম (যদি প্রয়োজন হয়)
- ব্যানার টানানোর স্থান (ঐচ্ছিক)
- সময় নির্ধারণ: কর্মশালা এমন যে সময় আয়োজন করলে সর্বোচ্চ অংশগ্রহণ করতে পারবে এমন একটি সময় নির্ধারণ করুন। এটি পরিস্থিতিভেদে এবং টার্গেট অডিয়েন্সের ভিত্তি করে নির্ধারণ করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি কর্মশালাটি কোন শিক্ষা প্রতিষ্ঠানে হলে উক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণকারীদের সুবিধাজনক সময়ের উপর নির্ভর করবে। একইভাবে নির্দিষ্ট পেশাজীবীদের সাথে হলে তাদের সুবিধাজনক সময়ের উপর নির্ভর করবে।
- কর্মশালার সময়সীমা: কী ধরণের কর্মশালা হবে তার উপরে নির্ভর করবে। উদাহরণস্বরূপ - কর্মশালাটি যদি সচেতনতামূলক কিংবা সাধারণ ব্যবহার দেখানো হয় তাহলে সাধারণত সময়সীমা কম থাকে। যদি হাতে-কলমে সম্পাদনা শেখানোর মত কোন সেশন থাকে তাহলে সময়সীমা সাধারণত বেশি হয়। তবে এটা নির্ভর করে পরিস্থিতি এবং কর্মশালায় অংশগ্রহণকারীদের উপর। যদি লম্বা সময়ের জন্য কর্মশালা হয়, তবে মাঝে মাঝে বিরতির সময় রাখা যেতে পারে। মনোযোগ ধরে রাখার সুবিধার্তে সাধারণত একটি সেশন ৯০ মিনিটের বেশি হয় না।
১.৩ টার্গেট অডিয়েন্সের উপর ভিত্তি করে কর্মশালা বিন্যাস
[সম্পাদনা]আপনার কর্মশালার অংশগ্রহণকারীরা কারা হবেন:
- শিক্ষার্থী, শিক্ষক, গবেষক বা অন্য পেশাজীবী?
- নতুন ব্যবহারকারী নাকি অভিজ্ঞ উইকিপিডিয়ান?
- নির্দিষ্ট কোন কমিউনিটির মানুষ?
মোটকথা, নিজেকে প্রশ্ন করুন কাদেরকে টার্গেট করছেন; শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ মানুষ, নাকি কোন পেশাজীবী? কর্মশালায় অংশগ্রহণকারীদের উপর ভিত্তি করে আপনার কর্মশালার বিষয়বস্তু ও উপস্থাপনা পদ্ধতি নির্ধারণ করুন।
১.৪ কর্মশালার ধরণ নির্ধারণ
[সম্পাদনা]কর্মশালার ধরন নির্ধারণ করুন:
- সরাসরি কর্মশালা: কোনো স্থান নির্ধারণ করে সরাসরি কর্মশালা পরিচালনা।
- অনলাইন কর্মশালা: জুম, গুগল মিট, বা অন্য কোনো ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম ব্যবহার করে।
১.৫ কর্মশালার আলোচ্য বিষয়সূচি
[সম্পাদনা]কর্মশালার একটি গোছানো বিষয়সূচি তৈরি করুন। উদাহরণস্বরূপ-
- স্বাগত বক্তব্য (পরিস্থিতি বিবেচনায়)।
- পরিচিতি ও কর্মশালার বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা।
- উইকিমিডিয়া প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান (প্রযোজ্য ক্ষেত্রে)।
- হাতে-কলমে প্রশিক্ষণ (প্রযোজ্য ক্ষেত্রে)।
- অংশগ্রহণকারীদের নিয়ে কাজ করার জন্য নির্দিষ্ট সময়।
- প্রশ্নোত্তর পর্ব।
- মতামত (ফিডব্যাক) সংগ্রহ।
১.৬ প্রশিক্ষক নির্বাচন
[সম্পাদনা]- বিশেষজ্ঞ বা নির্দিষ্ট বিষয়ে অভিজ্ঞ উইকিমিডিয়ানদের কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করুন। উইকিমিডিয়া অবদান রাখা, সম্পাদনা বা নিবন্ধ তৈরি সম্পর্কে জানা থাকা ব্যক্তিদের থেকে সহযোগিতা নিন।
- প্রেজেন্টেশন তৈরি: কর্মশালার আলোচ্য বিষয়সূচির ভিত্তিতে সহজ ও বোধগম্য ভাষায় একটি প্রেজেন্টেশন তৈরি করুন। আলোচ্য বিষয় সহজ উদাহরণ দিয়ে ব্যাখ্যা করুন।
১.৭ কারিগরি প্রস্তুতি
[সম্পাদনা]কর্মশালার কারিগরি বা প্রযুক্তিগত বিষয়ে নজর দিন।
যদি অনলাইন কর্মশালা হয়:
- সঠিক ইন্টারনেট সংযোগ।
- ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্মের প্রাথমিক সেটআপ।
- প্রয়োজনীয় সফটওয়্যার যেমন ব্রাউজার, উইকিপিডিয়ার অ্যাকাউন্ট ইত্যাদি নিশ্চিত করা।
যদি সরাসরি কর্মশালা হয়, নিশ্চিত করুন:
- প্রজেক্টর, মাইক্রোফোন এবং সাউন্ড সিস্টেম (যদি প্রযোজ্য হয়)।
- ইন্টারনেট সংযোগ (যদি অংশগ্রহণকারীরা উইকিপিডিয়া সরাসরি সম্পাদনা করেন)।
- যদি অন-সাইট একের অধিক নতুন অ্যাকাউন্ট তৈরির প্রয়োজন হয় তাহলে নিশ্চিত করুন আপনার প্রয়োজনীয় অন-উইকি অধিকার রয়েছে। কারণ একইসাথে এক আইপি থেকে একের অধিক অ্যাকাউন্ট তৈরির একটি সীমা রয়েছে। অন-উইকিতে সাধারণত ‘প্রশাসক’ বা ‘অ্যাকাউন্ট স্রষ্টা’ দলের ব্যবহারকারীদের অধিকারটি রয়েছে। আয়োজকদের কারো যদি অধিকারটি না থাকে তাহলে কর্মশালার জন্য নির্দিষ্ট মেয়াদে সংশ্লিষ্ট উইকিতে ‘অ্যাকাউন্ট স্রষ্টা’ অধিকারের জন্য আবেদন করতে পারেন।
১.৮ প্রচারণা ও নিবন্ধন
[সম্পাদনা]কর্মশালাটি প্রচার করুন:
- সামাজিক যোগাযোগমাধ্যম, ইমেইল, ব্লগ, বা পোস্টার ব্যবহার করতে পারেন।
- স্কুল ও কলেজের নোটিশ বোর্ডে পোস্টার বা ব্যানার লাগানো যেতে পারে।
- নিবন্ধন ফর্ম তৈরি করে আগ্রহীদের নিবন্ধন নিশ্চিত করা যেতে পারে। তবে ব্যক্তিগত অপ্রয়োজনীয় এবং স্পর্শকাতর তথ্য ফর্মের মাধ্যমে নেয়া নিরুৎসাহিত করা হয়। শুধুমাত্র যে তথ্য না হলেই নয় তা নেওয়া যেতে পারে কিন্তু এ ধরণের স্পর্শকাতর তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্দিষ্ট সময় পর সে তথ্য মুছে ফেলা উচিত।
২। কর্মশালা পরিচালনা
[সম্পাদনা]একটি ভালো কর্মশালায় যে বিষয়গুলো থাকতে পারে-
- স্বাগত বক্তব্য: কর্মশালার লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দিন।
- প্রেজেন্টেশন: প্রস্তুতকৃত প্রেজেন্টেশনটি সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করুন।
- হাতে কলমে অনুশীলন: অংশগ্রহণকারীদেরকে ছোট ছোট দলে ভাগ করে দিয়ে উইকিপিডিয়া নিবন্ধ সম্পাদনার অনুশীলন করা যেতে পারে। (প্রযোজ্য ক্ষেত্রে)
- প্রশ্নোত্তর: অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দিন।
- অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ: কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের কাছ থেকে কর্মশালার বিষয়ে মতামত (ফিডব্যাক) নিন।
কর্মশালা চলাকালীন কিছু বিষয় মাথায় রাখুন:
- অংশগ্রহণকারীদের সাথে সম্পর্ক স্থাপন (ইন্টারঅ্যাকটিভিটি, প্রয়োজনে কোন সম্পর্কিত ঘটনা উল্লেখ করতে পারেন যাতে অংশগ্রহণকারীরা আপনার বক্তব্যের সাথে সহজে রিলেট করতে পারেন)।
- সহজ ভাষায় নির্দেশনা প্রদান।
- তাদের সম্পাদনা করতে উৎসাহিত করা এবং সাহায্য করা।
- উইকিপিডিয়ার বা উইকিমিডিয়া প্রকল্পের বিভিন্ন নীতি, নিরপেক্ষতা, এবং নির্ভরযোগ্যতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা।
- কর্মশালা শেষে প্রশ্নোত্তর পর্ব রাখা গুরত্বপূর্ণ। প্রশ্নোত্তর পর্বে যথা সম্ভব সংক্ষেপে যথাযথ উত্তর দিতে হবে। যদি কোন প্রশ্নের উত্তর তাৎক্ষণিক জানা না থাকে তাহলে ভুল তথ্য না দিয়ে বিনয়ের সাথে বলুন যে বিষয়টি সম্পর্কে আপনি তাৎক্ষণিক উত্তর দিতে অপারগ। পরবর্তীতে আপনি আরও বিস্তারিত জেনে নিয়ে বিষয়টি প্রশ্নদাতাকে জানাতে পারেন।
- যদি নিবন্ধন আগে করা হয়ে থাকে তাহলে নিবন্ধনের তথ্যের সাথে উপস্থিতি মিলিয়ে নিন। নিবন্ধন আগে করা না হয়ে থাকলে উপস্থিতির তথ্য সংগ্রহ করতে পারেন।
- কর্মশালায় অংশগ্রহণকারীদের সাথে পরবর্তীতে যোগাযোগ করা যাবে কিনা সে বিষয়ে অনুমতি নিন। ১.৮ ধাপে বর্ণিত যোগাযোগের তথ্য যদি না নেয়া হয়ে থাকে তাহলে কর্মশালার দিন তথ্য নিতে পারেন।
- কর্মশালা শেষে সকলের অনুমতি সাপেক্ষে উইকিমিডিয়া কমন্সে পাবলিকলি প্রকাশের জন্য যৌথ ছবি তোলা যেতে পারে যা পরবর্তীতে রিপোর্টে যুক্ত করা যেতে পারে।
৩। কর্মশালা পরবর্তী কার্যাবলি
[সম্পাদনা]মূল কর্মশালা শেষ হওয়া মাত্রই সকল কাজ শেষ হয়ে যায় না। একটি সু-আয়োজিত কর্মশালার শেষেও কিছু কাজ রয়েছে।
৩.১ কর্মশালার প্রতিবেদন তৈরি
[সম্পাদনা]কর্মশালার প্রতিবেদন তৈরি করুন যাতে নিচের বিষয়গুলো উল্লেখিত থাকতে পারে -
- কর্মশালার নাম
- কর্মশালার দিন-তারিখ
- কর্মশালার স্থান/ভেন্যু
- কর্মশালা পরিচালনা কারা করেছেন
- কর্মশালা পরিচালনায় সহযোগিতা কারা করেছেন
- কর্মশালায় কারা উপস্থিত ছিলেন। নাম বা অন্য ব্যক্তিগত তথ্য বাদে, বরং অংশগ্রহণকারী ধরণ উল্লেখ করুন (উদাহরণ- কখগ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রবৃন্দ, সম্মানিত শিক্ষকমন্ডলী এবং বিশেষ ব্যক্তিত্ব)।
- কর্মশালায় কতজন উপস্থিত ছিলেন
- কর্মশালায় কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কী ধরণের প্রশ্ন পাওয়া গেছে ইত্যাদি।
- কর্মশালার জন্য যদি কোন আর্থিক সহায়তা পেয়ে থাকেন তাহলে আর্থিক বিবরণী
- কর্মশালায় যদি কোন ছবি তোলা হয়ে থাকে তাহলে উইকিমিডিয়া কমন্সে আপলোড করে লিংক দিতে পারেন।
- প্রতিবেদন প্রকাশ করুন। যেমন: উইকিমিডিয়া বাংলাদেশের পাবলিক উইকি (bd.wikimedia.org) কিংবা মেটা উইকি (meta.wikimedia.org)
৩.২ কর্মশালায় অংশগ্রহণকারীদের সাথে পরবর্তী যোগাযোগ
[সম্পাদনা]প্রযোজ্য ক্ষেত্রে কর্মশালার পর অংশগ্রহণকারীদের সাথে যুক্ত থাকুন:
- ফলোআপ ইমেইল পাঠান (ইমেইলে বাংলা উইকি সম্প্রদায়ের কীভাবে যুক্ত থাকা যাবে সে ব্যাপারে তথ্য থাকতে পারে।)
- অবদানে উৎসাহিত করুন। তারা কোন সমস্যায় পড়লে সমাধানের উপায় বের করতে সহযোগিতা করুন।
- ভবিষ্যৎ কর্মশালার বা উন্নত প্রশিক্ষণের সুযোগ সম্পর্কে জানাতে পারেন।
টীকা: নথিটি তৈরিতে সহযোগিতা করেছেন শাবাব মুস্তাফা এবং নাহিদ সুলতান।